Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন ব্লকে রাস্তা-নিকাশি সংস্কার

পঞ্চদশ অর্থ কমিশনে ফের প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হল

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন ব্লকে রাস্তা-নিকাশি সংস্কার
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: বীরভূমের গ্রামাঞ্চলে রাস্তাঘাট সংস্কার, পানীয় জল এবং নিকাশিনালা সংস্কারের উদ্যোগ নিল জেলা পরিষদ। পঞ্চদশ অর্থ কমিশনে ফের প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করা হল। কাজও দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলার ১৯টি ব্লকের রাস্তাঘাট সংস্কার করা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা মেটানো ও নিকাশিনালা সংস্কারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ, হাইমাস্ট লাইট সহ একাধিক কাজে জোর দিয়েছে জেলা পরিষদ। গ্রামীণ এলাকায় এই পরিকল্পনা বাস্তবায়নের পুরো কাজটি সরাসরি তদারকি করবেন জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, বীরভূমের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য বেশকিছু কাজের পদক্ষেপ নিয়মিত নেওয়া হচ্ছে।  দ্রুত সেইসব কাজ নিখুঁত ভাবে কার্যকর করা জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, গ্রামীণ এলাকার সাধারণ মানুষের দাবি মেনে রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে এলাকার পানীয় জলের সমস্যা মেটানো এবং নিকাশিনালা সংস্কারের বিভিন্ন কাজ করা হবে। নিয়ম অনুযায়ী বেশ কিছু কাজের অর্থ বরাদ্দ করার পর টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। 

Advertisement

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে ফের বিভিন্ন ব্লকের পঞ্চায়েত এলাকার উন্নয়ন খাতে ১০ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করেছে জেলা পরিষদ। গোটা পরিকল্পনাটিকে টায়েড ও আনটায়েড দু’টি ভাগে ভাগ করা হয়েছে। তাতে আট কোটি ২৫ লক্ষ টাকা এবং দুই কোটি ৪৫ লক্ষ টাকার দু’টি টেন্ডার করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে ১২টি রাস্তা সংস্কারের কাজ এবং বেশ কিছু জায়গায় পানীয় জলের জন্য সাবমার্সিবল বসানো ও নিকাশিনালা সংস্কারের কাজ। করা হবে। জেলা পরিষদের দাবি, খুব শীঘ্রই কাজ শুরু হবে। নানুর ব্লকের চারকোল গ্রামের দু’টি রাস্তা, নলহাটি-২ ব্লকের একটি রাস্তা, সিউড়ি-১ ব্লকের নগরীর রাস্তা সহ বেশকিছু কাজ করা হবে বরাদ্দ অর্থে। 
আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল। প্রতি নির্বাচনের মতো এবারও সেই উন্নয়নকে হাতিয়ার করেই ভোটের বৈতরণী পার করার লক্ষ্য নিয়েছে ঘাসফুল শিবির। তারমধ্যে রয়েছে দেউচা পাচামি কয়লাখনি। ইতিমধ্যেই সেখানে কাজ শুরু হয়েছে। অন্যদিকে, জেলার গ্রামীণ এলাকাগুলির রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা থেকে শুরু করে অন্যান্য কাজের মাধ্যমে উন্নত গ্রাম গড়ার লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন ও বীরভূম জেলা পরিষদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ