সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরায় পথ দুর্ঘটনা এড়াতে স্পিড লেজার গানের মাধ্যমে গাড়ির গতি পরীক্ষা করছেন বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। বাগডোগরা ও পার্শ্ববর্তী এলাকায় এশিয়ান হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি একটি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে সন্ন্যাসী মোড়ে। তার কিছুদিন আগেই আম বোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়লে খালাসির মৃত্যু হয়। এছাড়াও ছোটখাট দুর্ঘটনা লেগে রয়েছে।
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে সাধারণ মানুষকে নানা কর্মসূচির মাধ্যমে সচেতন করা হয়। তবে তাতেও উদাসীন লোকজন। বাগডোগরা এলাকায় প্রায় দেখা যায় স্কুটার, বাইক চালকরা হেলমেট ছাড়াই ছুটছেন। এছাড়াও গাড়ির গতির উপর নিয়ন্ত্রণ নেই। তাই দুর্ঘটনা এড়াতে পুনরায় স্পিড লেজার গানের মাধ্যমে গাড়ির গতি পরীক্ষা শুরু করলেন ট্রাফিক কর্মীরা।
বৃহস্পতিবার বাগডোগরার সন্ন্যাসী চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ের উপর এই মেশিন বসিয়ে দ্রুতগতিতে আসা গাড়িকে জরিমানা করা হয়। এই ধরনের অভিযান বারবার চলবে বলে জানিয়েছেন ট্রাফিক কর্মীরা। বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায় বলেন, এই ধরনের অভিযান বরাবর করা হয়। মূলত দুর্ঘটনা এড়াতে এই বিশেষ অভিযান করা হচ্ছে বাগডোগরা এলাকায়। পুনরায় এই অভিযান চলবে।
দুর্ঘটনা এড়াতে হলে বাগডোগরার বিভিন্ন এলাকায় ফুটপাতে দখলমুক্ত অভিযান চালাতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।