Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভা ভোটে প্রার্থী কারা, এক বছর আগেই তৃণমূল শিবিরে তুমুল চর্চা শুরু

বিধানসভা ভোটে প্রার্থী কারা, এক বছর আগেই তৃণমূল শিবিরে তুমুল চর্চা শুরু
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোটের এখনও বছরখানেক বাকি। তবে ছোট ছোট কর্মী বৈঠক, ভোটার তালিকা পরীক্ষা প্রভৃতির মাধ্যমে এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই প্রার্থী তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে দলীয় নেতা, কর্মীদের মধ্যে। শাসকদলে জোর জল্পনা যে, একাধিক বিধানসভা কেন্দ্রে বর্তমান প্রার্থীকে পরিবর্তন করা হতে পারে। এই অবস্থায় অনেক নেতাই এখন থেকে কার কাছে গেলে টিকিট পাওয়া যাবে, সেই নিয়ে খোঁজখবর শুরু করেছেন। 

Advertisement

তবে সব থেকে বেশি কৌতূহল দেখা যাচ্ছে প্রার্থী বাছাই নিয়ে। জল্পনা, জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত হাফ ডজন কেন্দ্রে নতুন প্রার্থী দিতে পারে দল। লোকসভা নির্বাচনে ফলের উপর ভিত্তি করে সেসব জায়গায় বদল আসতে পারে বলেই অভিমত দলীয়ও কর্মীদের। জেলার এক শীর্ষ তৃণমূল নেতার কথায়, গত লোকসভা ভোটের নিরিখে কোনও বিধানসভা এলাকাতেই তৃণমূল পিছিয়ে নেই। কিন্তু বেশ কিছু জায়গায় যত ভালো ফল হওয়ার কথা ছিল, ততটা হয়নি। সেই কথা মাথায় রেখেই কিছু পরিবর্তন হলেও হতে পারে। শেষমেষ কোন কোন বিধায়কের উপর খাড়া নেমে আসবে, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে জেলার নেতৃত্ব।
অনেকেই মনে করছেন, মথুরাপুর লোকসভা আসনের অধীনে থাকা দু-একটি বিধানসভা কেন্দ্রে অদলবদল হতে পারে। একইভাবে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যেও কয়েকটি আসনে নতুন মুখ দেখা যেতে পারে। পরিবর্তন হতে পারে বারইপুর মহাকুমার একটি বিধানসভা কেন্দ্রেও। বয়সের কারণেও বাদ যেতে পারে এক দু’জনের নাম। ২০২১ সালের নির্বাচনে জেলার একমাত্র হারা বিধানসভা কেন্দ্র ভাঙড়ে স্থানীয় নেতা, নাকি বাইরে থেকে কাউকে প্রার্থী করা হবে, তা নিয়েও চর্চা তুঙ্গে। 
বিভিন্ন এলাকায় বহুদিন ধরে যেসব নেতারা রাজনীতি করে আসছেন, তাঁদের মধ্যে অনেকেই এখন জেলা পরিষদের সদস্য, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি। এঁদের মধ্যে দু’একজন ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করেছেন বলে খবর। কার কাছে গেলে টিকিট পাওয়া যাবে, এই নিয়ে নেতারা গোপনে খোঁজখবরও শুরু করেছেন। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৃণমূলের মধ্যে বিধানসভা ভোটের টিকিট পাওয়া নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ