Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুর পরিষেবা দিতে ব্যর্থ, পুরুলিয়ায় চেয়ারম্যান বদলের জল্পনা

পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান পদে কি বদল আসন্ন? নাকি পুরসভার রাশ প্রশাসকের হাতে চলে যাবে?

পুর পরিষেবা দিতে ব্যর্থ, পুরুলিয়ায় চেয়ারম্যান বদলের জল্পনা
  • ২৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  পুরুলিয়া: পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান পদে কি বদল আসন্ন? নাকি পুরসভার রাশ প্রশাসকের হাতে চলে যাবে? পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে সংশ্লিষ্ট বোর্ডকে শোকজ করে চিঠি পাঠানোর পর থেকেই এসব প্রশ্ন জেলা সদরের মানুষদের মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আবহে আজ, সোমবার শোকজ ইস্যুতে আলোচনার জন্য চেয়ারম্যান নবেন্দু মাহালি বৈঠক ডেকেছিলেন। যদিও তিনি নিজেই সেই বৈঠক পরে বাতিল ঘোষণা করেন। যা নিয়ে চর্চা আরও তুঙ্গে। চেয়ারম্যানের দাবি, নিয়ম মেনে বুধবারের মধ্যেই শোকজের উত্তর দেওয়া হবে। তবে, শাসকদল তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া পুরসভার ভবিষ্যৎ কী হতে চলেছে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। চেয়ারম্যান বলেন, নির্দিষ্ট ওইদিন অন্য একটি কর্মসূচি রয়েছে। তাই বৈঠক স্থগিত করা হয়েছে। তবে ওইদিনই ফের একবার নোটিশ জারি করে আগামী বৈঠকের দিন ঘোষণা করা হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই শোকজের উত্তর লিখিত আকারে পাঠানো হবে। 

Advertisement

উপযুক্ত নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ পুরুলিয়া পুরসভা। জঞ্জাল অপসারণ, নিকাশি ও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পানীয় জল সরবরাহ নিয়ে প্রশ্ন তুলে ১৯ নভেম্বর পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে পুরুলিয়া পুরসভার বোর্ডকে শোকজ করা হয়। সেইসঙ্গে প্রশ্ন করা হয়, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এই পুর বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না। এরপরই পুরসভার অন্দরমহলের অন্তর্কলহ ক্রমেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। বোর্ড সদস্যদের একাংশ সহ কাউন্সিলাররা চেয়ারম্যানের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছেন। সেইসঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তরের শোকজ প্রসঙ্গে সম্পূর্ণ দায়ভার চেয়ারম্যানের কাঁধেই ঠেলে দেওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে তাঁদের দাবি, পুরসভার চেয়ারম্যান একনায়কতন্ত্র কায়েম করে রাখতে চেয়েছিলেন। তার ফলস্বরূপ পুর পরিষেবা বিঘ্নিত হয়েছে। যদিও পুরসভার চেয়ারম্যান সবটাই অস্বীকার করেছেন। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করেই শোকজের উত্তর দেওয়া হবে। যদিও বোর্ড সদস্যদের একটা অংশ প্রকাশ্যে মুখ না খুললেও তাঁরা স্পষ্ট করছেন, শোকজ ইস্যুতে চেয়ারম্যানের ডাকা কোনও বৈঠকে যোগ দেবেন না। তাঁদের দাবি, দায়ভার যেহেতু চেয়ারম্যানের, সেহেতু উত্তর তাঁকেই উত্তর দিতে হবে। 
সম্প্রতি রাজ্যজুড়ে একাধিক পুরসভার চেয়ারম্যান বদল হয়েছে। এই আবহে পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে পুরুলিয়া পুরসভার বোর্ডকে শোকজ করায় ওয়াকিবহাল মহলের দাবি, ঘুর পথে চেয়ারম্যান বদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। এনিয়ে অবশ্য বোর্ড সদস্যদের একটা বড় অংশ সহ কাউন্সিলাররাও সহমত পোষণ করছেন। তাঁদের দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া পুরসভা এলাকায় দলের ভরাডুবি হয়েছিল। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অন্যান্য একাধিক পুরসভার পাশাপাশি পুরুলিয়াতেও বদল হতে চলেছে। তবে কোনও নতুন মুখ চেয়ারম্যান পদে দায়িত্ব পাবেন, নাকি প্রশাসকের হাতে পুরসভার রাশ যাবে, তা সময়ের সঙ্গেই স্পষ্ট হবে। যদিও বর্তমান সময়ে শহরজুড়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে একাধিক নতুন মুখ তুলে ধরে জোর আলোচনা অবশ্য শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ