পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদত্যাগ ঘিরে জোর জল্পনা
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পঞ্চায়েত সমিতি রয়েছে তৃণমূলের দখলে। সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। তাঁর পদত্যাগপত্র জমা দেওয়াকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। বারুইপুর মহকুমা প্রশাসন সূত্রে খবর, তাঁর পদত্যাগপত্র বারুইপুর মহকুমা অফিসে জমা পড়েছে। কিন্তু কেন এই পদত্যাগ, তা নিয়ে শ্যামসুন্দরবাবু মুখ খুলতে নারাজ। তিনি বলেন, দলে আলোচনা চলছে। পরে দেখা যাবে। প্রশাসনের এক আধিকারিক বলেন, বুধবার পদত্যাগপত্র জমা পড়েছে। আর কিছু এখনও হয়নি। শ্যামসুন্দরবাবু বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিও বটে। তাঁর অনুগামী সূত্রে খবর, বিজেপির একটি অংশ চাপ দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তা মানতে নারাজ ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা বিজেপির ইনচার্জ সত্যপ্ৰিয় চক্রবর্তী। তিনি বলেন, এই ধরনের রাজনীতি বিজেপি করে না। কোনো চাপ দেওয়া হয়নি। সূত্রের খবর, বুধবার বারুইপুরের ফুলতলা বিডিও অফিসে বুথ সংযুক্তিকরণ নিয়ে সর্বদল বৈঠক ছিল। সেখানে বিজেপির কর্মী সমর্থকরাও ছিলেন। ওই বৈঠকের পরেই বিজেপির কর্মীরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতির ঘরে যান। প্রবল বাকবিতণ্ডা হয়। তাঁকে পদত্যাগের চাপও দেওয়া হয়। উত্তেজনার জেরে বারুইপুর থানার পুলিশকেও ঘটনাস্থলে যেতে হয়। বেশ কয়েক বছর ধরে বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদে আছেন প্রবীণ রাজনীতিবিদ শ্যামসুন্দর চক্রবর্তী। তাঁর পদত্যাগের ঘটনায় মুষড়ে পড়েছেন অনুগামীরা। অনেকেই বলছেন, পদত্যাগ পত্র গৃহীত না হলেই ভালো হয়।

Advertisement