সংবাদদাতা, বালুরঘাট: আজ, শনিবার বালুরঘাট পুরসভায় চেয়ারম্যান নির্বাচন। অশোকের ছেড়ে যাওয়া চেয়ারে কে বসবেন, তা শহরবাসী আজই হয়তো জানতে পারবেন। শনিবার সকাল ১১ টায় পুরসভায় শুরু হবে প্রশাসনিক বৈঠক। তার আগে কাউন্সিলারদের নিয়ে বসবেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। রাজ্যের নির্দেশমতো হবু চেয়ারম্যানের নাম জানিয়ে দেবেন জেলা সভাপতি। সেইমতো প্রশাসনিক বৈঠকে নির্বাচিত হবেন নতুন চেয়ারম্যান। শুধু নতুন চেয়ারম্যানই নন, ২ বছর ৯ মাস ফাঁকা থাকা ভাইস চেয়ারম্যান পদও অবশেষে পূরণ হতে চলেছে। শুক্রবার পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দুটি রুমই পরিষ্কার করতে দেখা যায় পুরসভার কর্মীদের।
নতুন চেয়ারম্যান এবং তাঁর ডেপুটি কে হবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। সূত্রের খবর, অশোক -বিরোধী গোষ্ঠী থেকেই একাধিক কাউন্সিলারের নাম উঠে আসছে চেয়ারম্যান হিসেবে। এবারও কোনও মহিলা কাউন্সিলারকে ভাইস চেয়ারম্যান করা হবে।
চেয়ারম্যান দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দলের বালুরঘাট টাউন সহ সভাপতি সুরজিৎ সাহা। তিনি শহরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। দীর্ঘদিন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। দৌড়ে রয়েছেন বালুরঘাট হাইস্কুলের ইংরেজির শিক্ষক বিপুলকান্তি ঘোষও। তিনি ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার এমসিআইসি। আরেক এমসিআইসি মহেশ পারখও চেয়ারম্যান পদে দাবিদার। ১৯ ওয়ার্ডের কাউন্সিলার মহেশ বর্তমানে দলের জেলা যুব সহ সভাপতি। এমসিআইসি তথা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনোজ সরকারের নামও শোনা যাচ্ছে। তিন এমসিআইসিই দক্ষতার সঙ্গে পুরসভার কাজকর্ম সামলেছেন। ভাইস চেয়ারম্যান পদে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন করের নাম নিয়ে চর্চা হচ্ছে। দৌড়ে রয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের শিখা মহন্ত সাহা চৌধুরীও। চেয়ারম্যানের ডেপুটি হিসেবে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অপর্ণা চট্টোপাধ্যায়ের নামও উঠে আসছে। শুক্রবার দিনভর চেয়ারম্যান ও তাঁর ডেপুটি নিয়ে জোর চর্চা হলেও আজ সমস্ত জল্পনার অবসান হবে বলে মনে করছেন শহরবাসী।
এবিষয়ে পুরসভার এগজিকিউটিভ অফিসার অজয়কুমার প্রসাদ বলেন, সকাল ১১ টায় বৈঠক শুরুর কথা রয়েছে। সেখানেই নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন।
তৃণমূল জেলা সভাপতি সুভাষ বলেন, শনিবার সকালে আমার মোবাইলে মেসেজে চেয়ারম্যানের নাম আসবে। সেই মতো সমস্ত কাউন্সিলারকে বৈঠক করে তা জানিয়ে দেওয়া হবে। এরপর তাঁরাই সবাই মিলে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেবেন।