মঙ্গল ঘোষ, মালদহ: ইংলিশবাজার শহরের গুড মর্নিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হল রবিবার রাতে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। তাঁকে এদিন সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
মঙ্গল ঘোষ, মালদহ: ইংলিশবাজার শহরের গুড মর্নিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হল রবিবার রাতে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। তাঁকে এদিন সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
এই টুর্নামেন্ট ঘিরে দু’দিন শহরের বৃন্দাবনী মাঠে ব্যাপক উন্মাদনা দেখা যায়। শনিবার রাতে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মাঠে পা রাখতেই উন্মাদনার পারদ চড়েছিল। তিনিই এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। হুড খোলা জিপে খেলার মাঠে বেশ কিছুক্ষণ ঘোরেন কোয়েল। পরবর্তীতে মঞ্চে নাচতেও দেখা যায় তাঁকে। দর্শক এবং ভক্তদের হাত নেড়ে ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গুড মর্নিং ক্লাবের সম্পাদক দীপক কুমার সরকার সহ অন্যরা। ক্লাব সম্পাদক বলেন, মাঠে ভিড় প্রমাণ করে দিয়েছে ফুটবল আজও জনপ্রিয় খেলা। গ্রাম থেকেও প্রচুর দর্শক এসেছিলেন। এটাই আমাদের বড় প্রাপ্তি। জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী আসায় আমরা আপ্লুত। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেড় দশকের বেশি আগে খেলার প্রতি ভালোবাসার টানে সদস্যদের মাথায় ফুটবল টুর্নামেন্টের পরিকল্পনা আসে। এবারে ১৬ তম বর্ষে জেলার ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্ট খেলতে নাইজেরিয়া, নেপালের খেলোয়াড়েরা এসেছিলেন। শনিবার গভীর রাত পর্যন্ত খেলা হয়। রবিবার রাতে দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল হয়েছে। ক্লাব সম্পাদক বলেন, পূর্ব ঘোষণা মতোই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় ট্রফি সহ তিন লক্ষ, এবং রানার্সকে দু’লক্ষ টাকা, সেরা গোলকিপার, ম্যাচ এবং টুর্নামেন্টে সেরাদের পুরস্কৃত করা হয়েছে।