সংবাদদাতা, রানাঘাট: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোতে কেনাকাটার ভিড়ে শান্তিপুরের মূল রাস্তাগুলিতে যানজট লেগেই রয়েছে। সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিত করতে এবার মাঠে নামল স্থানীয় প্রশাসন। শহরজুড়ে বেআইনি পার্কিং ও ফুটপাত দখলদারির বিরুদ্ধে শান্তিপুর পুরসভা ও থানার উদ্যোগে বিশেষ অভিযান চালান হল এক। বেআইনি জবরদখল ও অনিয়ম রুখতে পুরসভার পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে। এদিনের এই অভিযানে পুরসভা প্রশাসক ও পুলিশ কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন দাস। তাঁরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার এলাকা ঘুরে দেখেন।
যে সমস্ত ব্যবসায়ী বা দোকানদার সরকারি জায়গা ও ফুটপাত বেআইনিভাবে দখল করে দোকান সাজিয়ে বসেছিলেন, তাঁদের পুরসভার পক্ষ থেকে নোটিস দেওয়া হয়। এই নোটিসে পুরসভার পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
শান্তিপুরের রেলবাজার এলাকার এক দোকানদার বলেন, আগেই পুরসভা ফুটপাতের সব দোকানে তুলে দিয়েছে। দোকানের জিনিসপত্র সরকারি জায়গায় না রাখার জন্য বলা হয়েছে। আর ফুটপাতে থাকা দু’একটি দোকানদারকে দখলমুক্ত করার কথা বলা হয়েছে।
এপ্রসঙ্গে বিধায়ক স্বপনকুমার দাস বলেন, সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই আজকের এই অভিযান। বিশেষ করে অনেক যাত্রী যানজটের কারণে ট্রেন ধরার জন্য স্টেশনে সময়ে পৌঁছাতে পারেন না। এনিয়ে বহুদিন ধরেই সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে।