নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: তৃণমূল জমানায় পঞ্চায়েত ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেজন্য ১০ শতাংশ পঞ্চায়েতে বিশেষ অডিট হবে। পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতির প্রসঙ্গে অভিযোগকে সামনে রেখে শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং ও কালিম্পং জেলার পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ একথা জানান।
মন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ রয়েছে। তৃণমূল জমানায় পঞ্চায়েত ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির অভিযোগের মধ্যথেকেই ১০ শতাংশ পঞ্চায়েতকে বেছে নিয়ে বিশেষ অডিট করা হবে। কোন কোন পঞ্চায়েতে অডিট হবে, তা প্রশাসনিক ভাবে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
এদিনের বৈঠকে দার্জিলিং ও কালিম্পং জেলার পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন গ্রামীণ প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছেন, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। বিডিওদের কাছ থেকে বিভিন্ন এলাকার সমস্যা ও কাজের বর্তমান পরিস্থিতির তথ্য নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
পঞ্চায়েতের কাজে গতি আনতে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কর্মী সংকট বলেও মন্ত্রী এদিন দাবি করেন। পাহাড়ের জিটিএ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জিটিএ এলাকায় দুর্নীতির অভিযোগের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
অন্যদিকে, এদিন বাগডোগরা বিমানবন্দরে বর্জ্য পরিষ্কার ও প্রক্রিয়াকরণ প্রকল্প ফের চালু হল। মন্ত্রী দিলীপ ঘোষ প্রকল্পের উদ্বোধন করেন। তৃণমূল আমলে চালু হওয়া এই প্রকল্প দীর্ঘদিন বন্ধ থাকার পর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের উদ্যোগে নতুন করে কার্যকর করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে সেবা সংকল্প এবং স্বচ্ছতাই সেবা কর্মসূচির অংশ হিসেবে শুরু হল এই উদ্যোগ। শনিবার বাগডোগরা বিমানবন্দরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পঞ্চায়েত মন্ত্রী। হাতে ঝাড়ু নিয়ে বিমানবন্দর চত্বরে ময়লা পরিষ্কার করার পাশাপাশি গাছে জল দেন তিনি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
অন্যদিকে, জলপাইগুড়িতে এদিন তৃণমূলকে ফের কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সমাজপাড়ার পথসভা থেকে তৃণনূলকে নিশানা করে তিনি বলেন, কে তৃণমূল সেটাই বোঝা মুস্কিল। এখন তো পার্টি অফিসটাই নেই। এদিকে, জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে পঞ্চায়েত দপ্তরের রিভিউ বৈঠক করেন মন্ত্রী। সেখানে জেলা প্রশাসনের আধিকারিক ও ৮০টি পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েতের কাজ নিয়ে পর্যালোচনা করলাম। পাশাপাশি আগের সরকারের পঞ্চায়েত যে সমস্ত দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে। দোষীদের শাস্তি হবে। • নিজস্ব চিত্র।