Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্যা-ভাঙন হলে পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে যেতে বিশেষ ব্যবস্থা, আজ শিক্ষাদপ্তরে রুটচার্ট দেবেন সেন্টার সেক্রেটারিরা

চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থা চালু হচ্ছে। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার সেপ্টেম্বরের ৮-২২ তারিখ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আশঙ্কা, এবছর দেরিতে বর্ষা আসায় সেপ্টেম্বরে অতিবর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বন্যা-ভাঙন হলে পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে যেতে বিশেষ ব্যবস্থা, আজ শিক্ষাদপ্তরে রুটচার্ট দেবেন সেন্টার সেক্রেটারিরা
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থা চালু হচ্ছে। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার সেপ্টেম্বরের ৮-২২ তারিখ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আশঙ্কা, এবছর দেরিতে বর্ষা আসায় সেপ্টেম্বরে অতিবর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ভুটান থেকে আসা আলিপুরদুয়ারের নদীগুলিতে হড়পা বা ভাঙনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেজন্য পরীক্ষার্থীদের জন্য বনদপ্তর, সিভিল ডিফেন্স, পুলিস ও জেলা প্রশাসনকে নিয়ে জেলা শিক্ষা দপ্তর আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে।

Advertisement

জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের দিনগুলিতে জঙ্গলঘেরা চা বাগান ও বনবস্তির পরীক্ষার্থীদের বনদপ্তর এসকর্ট করে পরীক্ষা হলে পৌঁছে দেবে। হড়পা, নদী ভাঙন বা বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হচ্ছে। সোমবারের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার সেক্রেটারিদের নিজেদের এলাকার ভেহিক্যাল রুটচার্ট শিক্ষাদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
এ ব্যাপারে জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম সম্পাদকের সংযোজন, নদী ভাঙন বা হড়পা কবলিত এলাকাগুলিতে এনবিএসটিসি’র বাস পরিষেবা থাকবে। তার জন্য ওই এলাকার পরীক্ষা সেন্টার সেক্রেটারিরা সোমবারের মধ্যে শিক্ষাদপ্তরে রুটচার্ট জমা দেবেন। তারপর আরটিও’র মাধ্যমে এনবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে বাস নিয়ে কথা বলা হবে।
সেপ্টেম্বরে দুর্যোগের আশঙ্কায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৩১ জুলাই জেলায় এসে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। মিউনিসিপ্যাল হলে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার সংক্রান্ত বিষয় নিয়ে কর্মশালায় যোগ দেন। ডুয়ার্সকন্যায় ৩১ জুলাইয়ের বৈঠকে বনদপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিস প্রশাসনের কর্তারাও ছিলেন।
রাজ্যের নির্দেশে প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় জঙ্গল, বনবস্তি ও চা বাগানের পরীক্ষার্থীদের বনদপ্তর এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। কিন্তু পুজোর আগে সেপ্টেম্বরে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের দিনগুলিতেও একই ব্যবস্থা চালু থাকছে।
এদিকে, বন্যপ্রাণীদের প্রজননের কারণে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকবে। তাহলে জঙ্গল ঘেরা এলাকার পরীক্ষার্থীদের কীভাকে নিয়ে যাবে বনদপ্তর? এবিষয়ে ভাস্করের মন্তব্য, পরীক্ষা শুরু হবে ৮ তারিখ থেকে। জঙ্গল খুলবে ১৫ তারিখ। অর্থাৎ,মাত্র এক সপ্তাহের সমস্যা। বনদপ্তর আশ্বাস দিয়েছে, তারা সামলে নেবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ