জেড্ডা: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ফের এল ক্লাসিকো। রবিবার খেতাবি লড়াইয়ে সৌদি আরবের জেড্ডায় মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, গতবার ফাইনালেও একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। সেখানে ৫-২ ব্যবধানে জয় পায় কাতালন জায়ান্টরা। শুধু তাই নয়, গত মরশুম সব টুর্নামেন্ট মিলিয়ে চারবারের সাক্ষাতে প্রতিবারই শেষ হাসি হাসে হান্স ফ্লিকের ছেলেরা। এবার অবশ্য লা লিগায় প্রথম লেগে ঘরের মাঠে জিতে মাঠ ছাড়ে রিয়াল। তবে অতীতের যাবতীয় পরিসংখ্যান ভুলে রবিবার ফাইনালে দু’দলই খেতাব জিততে মরিয়া।
শেষ চারের লড়াইয়ে অ্যাথলেতিক ক্লাবকে পাঁচ গোলের মালা পরায় বার্সেলোনা। পক্ষান্তরে, মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে রিয়াল। তবে সাম্প্রতিক ফর্মের নিরিখে রবিবার কিছুটা হলেও এগিয়ে লামিনে ইয়ামালরা। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯টি ম্যাচে জয় পেয়েছেন তাঁরা। এর মধ্যে শেষ পাঁচটিতে কোনও গোল হজম করেনি কাতালন ক্লাবটি। রবিবার ফাইনালেও এই ছন্দ বজায় রাখাই লক্ষ্য কোচ হান্স ফ্লিকের। তবে প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে নারাজ তিনি। বার্সা কোচের কথায়, ‘রিয়াল যথেষ্ট ভালো দল। ওদের একাধিক ম্যাচ উইনার রয়েছে। তবে আমাদের স্বাভাবিক খেলাটা মেলে ধরতে হবে। ছেলেরা খেতাব ধরে রাখার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।’
রবিবার ফাইনালের আগে সমর্থকদের স্বস্তি জুগিয়ে রিয়াল অনুশীলনে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। তাঁর দলে ফেরাটা অবশ্যই আপফ্রন্টের শক্তি বাড়াবে। কোচ জাবি আলোন্সো অবশ্য ফরাসি তারকাকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। তিনি জানান, ‘এমবাপের ফেরাটা অবশ্যই ইতিবাচক। তবে সবার আগে দেখতে হবে, ও কতটা খেলার মতো জায়গায় রয়েছে। মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।’ বার্সেলোনা আপফ্রন্টে দুরন্ত ছন্দে রয়েছেন রাফিনহা, লামিনে ইয়ামালরা। পাশাপাশি ফাইনালে দলে ফিরছেন অভিজ্ঞ লিওয়ানডস্কি। তাই রিয়াল রক্ষণ অবশ্যই চাপে থাকবে।
ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।