আটলান্টা: মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম। চলতি বিশ্বকাপে যাকে আটলান্টা স্টেডিয়াম নামেই চিনবেন ফুটবল অনুরাগীরা। বাইরে থেকে দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো। ৭৫ হাজার দর্শকাসন। বৃষ্টির হাত থেকে রেহাই পেতে ব্যবহৃত হয় ৮-প্যাডেল রিট্রাক্টেবল ছাদ। স্টেডিয়ামের ভিতরে একটি ৩৬০ ডিগ্রি হ্যালো বোর্ড রয়েছে। আমেরিকার অন্যতম অত্যাধুনিক এই স্টেডিয়ামে সোমবার লড়াইয়ে নামছে স্পেন ও কেপ ভার্দে।
২০১০ বিশ্বচ্যাম্পিয়ন লা রোহা ব্রিগেড। অথচ পরের তিনটি আসরে রাউন্ড অব সিক্সটিনের গণ্ডি টপকাতে ব্যর্থ তারা। প্রত্যেকবার অন্যতম ফেভারিটের ট্যাগ নিয়ে খেলতে নেমেও নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ স্পেন। মার্কিন মুলুকে এবার সেই ধারা বদলাতে মরিয়া কোচ লুই ডে লা ফুয়েন্তে। অভিজ্ঞ এই স্প্যানিশ কোচের হাত ধরে ইতিমধ্যে ইউরো ও নেশনস লিগ খেতাব ঘরে তুলেছে জাভি-ইনিয়েস্তার উত্তরসূরিরা। তবে ইয়ামাল-পেড্রিরা জানেন, বিশ্বকাপ না জিতলে ফুটবল কেরিয়ার অসম্পূর্ণ। অধরা মাধুরী লাভের লক্ষ্য সামনে রেখে বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দের বিরুদ্ধে সোমবার অভিযান শুরু করছে স্পেন। শক্তির বিচারে এই ম্যাচ থেকে হেসে-খেলে জেতা উচিত তাদের। তবে অতীতে পচা শামুকে পা কাটার একাধিক নিদর্শন রয়েছে স্প্যানিয়ার্ডদের। তাই কেপ ভার্দেকে যথেষ্ট সমীহ করছেন কোচ ফুয়েন্তে।
আমেরিকার পা রাখার পর থেকেই স্পেনকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, মেসি-রোনাল্ডোর পরবর্তী প্রজন্মের ব্যাটন থাকতে চলেছে লামিনে ইয়ামালের হাতে। মেগা আসরে তরুণ এই স্প্যানিশ উইঙ্গার কতটা সফল হন, সেদিকে নজর থাকবে সকলের। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এপ্রিল থেকে মাঠের বাইরে তিনি। একই হাল দলের আর এক তরুণ তুর্কি নিকো উইলিয়ামসের। রবিবার অবশ্য দু’জনেই মূল দলের সঙ্গে অনুশীলন করেন। তবে কেপ ভার্দের বিরুদ্ধে ইমায়াল ও উইলিয়ামসকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইবেন না কোচ ফুয়েন্তে। দুই তরুণ উইঙ্গারকে বেঞ্চে রেখেই দল সাজাতে পারেন তিনি। ম্যাচের শেষের দিকে কয়েক মিনিট তাঁদের ঝালিয়ে নেওয়াই লক্ষ্য থাকবে স্পেন কোচের।
অন্যদিকে, আফ্রিকা অঞ্চল থেকে বাছাই পর্বে দাপুটে পারফরম্যান্স মেলে ধরে সরাসরি বিশ্বকাপের টিকিট অর্জন করে কেপ ভার্দে। দলের সিংহভাগ ফুটবলার ইউরোপের বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত। তবে বড়ো মঞ্চে অভিজ্ঞতার অভাব ভোগাতে পারে বুবিস্তা ব্রিগেডকে। দলের অধিনায়ক রায়ান মেন্ডেজ অবশ্য স্পেনের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে বিশ্বকাপের অভিষেককে স্মরণীয় করার স্বপ্নে বিভোর।