গোপাল সূত্রধর, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়নি। ফলে স্নাতকোত্তর পাশ করা পড়ুয়ারা আসল সার্টিফিকেট পাচ্ছেন না। ভরসা এখন প্রভিশনাল সার্টিফিকেট। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে এই সার্টিফিকেট নিতে দিতে হয় টাকা। কিন্তু ব্যতিক্রম দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। এই সার্টিফিকেট নিতে টাকা দিতে হবে না বলে ঘোষণা করেছেন উপাচার্য প্রণব ঘোষ। এসএসসির রেজাল্ট বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলিতে সার্টিফিকেট তোলার হিড়িক পড়েছে। নির্দিষ্ট টাকা দিলেও সহজে সার্টিফিকেট মিলছে না বলে হয়রানির মুখে পড়ছে পড়ুয়ারা। সেই জায়গায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম। উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও অনেক কিছু গঠন হয়নি বলে সমাবর্তন করা সম্ভব নয়। তাই আসল সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে বিনামূল্যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়ারা এলে সঙ্গে সঙ্গেই দেওয়া হবে সার্টিফিকেট।
বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালে পঠনপাঠন শুরু হওয়ার পর দু’টি ব্যাচ বেরিয়েছে। প্রত্যেককেই প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক রাজু পাল বলেন, রাজ্য তথা ভারতবর্ষের কোনও বিশ্ববিদ্যালয়েই হয়তো বিনামূল্যে সার্টিফিকেট দেওয়া হয় না। এটা দারুণ উদ্যোগ। পড়ুয়াদের খুব সুবিধা হবে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন ছাত্র রাসেল মিয়াঁর কথায়, সব বিশ্ববিদ্যালয়েই সার্টিফিকেট নিতে টাকা দিতে হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে টাকা ছাড়াই সার্টিফিকেট পেয়ে খুব ভালো লাগছে। সমাবর্তন না হলে অরিজিনাল সার্টিফিকেট পাব না। তাই দ্রুত সেই ব্যবস্থা করা হোক।
একেবারেই নতুন বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর। পঠনপাঠন চালু হলেও নানা সমস্যা ঘিরে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের এখনও স্থায়ী জায়গা ও ভবন নেই। বালুরঘাটেও ভবন ভাড়া পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, নতুন বিষয়ও চালু হয়নি। এমনকি স্ট্যাটিউট, কাউন্সিল কিছুই চালু হয়নি।
সবকিছু নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছেন উপাচার্য। তবে, এতকিছু না থাকার পরও পঠনপাঠনের মান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়। সময়ে পরীক্ষার পর রেজাল্টও বের হচ্ছে।
তাই বিশ্ববিদ্যালয়ে চালু তিনটি বিষয়ে এবছর ছাত্র ভর্তির সংখ্যা বেড়েছে। ২০টি সিট বাড়ানো হয়েছে ইংরেজি বিভাগে। নতুন উপাচার্যের আমলে বিশ্ববিদ্যালয় উন্নতির শিখরে পৌঁছবে, এমনটাই আশা সব মহলের।