Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথমবার দুর্গার বন্দনায় সাউথ সিটি মল, থিম ‘পুজো শপিংয়ের বিবর্তন’

শারদোৎসব মানে সাজেরও মহাপার্বণ। সময়ের সঙ্গে সঙ্গে যেমন দুর্গাপুজোর আঙ্গিকে বদল এসেছে, পুজো ফ্যাশনেও তাই।

প্রথমবার দুর্গার বন্দনায় সাউথ সিটি মল, থিম ‘পুজো শপিংয়ের বিবর্তন’
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রঙ্গন বন্দ্যোপাধ্যায়, কলকাতা: শারদোৎসব মানে সাজেরও মহাপার্বণ। সময়ের সঙ্গে সঙ্গে যেমন দুর্গাপুজোর আঙ্গিকে বদল এসেছে, পুজো ফ্যাশনেও তাই। অতীতে পুজোয় বাঙালিকে সাজাত শহর কলকাতা ও গ্রামের হাটগুলি। সেখানেই মিলত পছন্দমতো শাড়ি, জামা, জুতো। সঙ্গে স্নো, পাউডার, পমেটম, কাজল, সেন্ট।  আটপৌরে বাঙালি পাড়ি দিতেন হাতিবাগান, বড়বাজার। স্টাইলিশদের জন্য ছিল নিউ মার্কেট, গড়িয়াহাট। এসব হিসাব এখন আর পুজোবাজারে মেলে না। শহরের খোলা বাজার আর শপিংমলে মিলেমিশে গিয়েছে বাঙালির কেনাকাটার সাতকাহন। তাতে নোঙর ফেলেছে অনলাইন শপিংও। কেনাকাটার এই ভোলবদলই এবার পুজোর থিম! সেই ভাবনাকে এবার সামনে এনেছে সাউথ সিটি মল। প্রথমবার দশভূজার আরাধনায় নেমেছে এই মল কর্তৃপক্ষ। আর সেখানেই ভাবনায় চমকে দিতে চলেছে তারা। কেনাকাটার এই বিবর্তনের সঙ্গে সামগ্রিকভাবে বাঙালির দুর্গাপুজোর একাল-সেকালও থাকবে মণ্ডপজুড়ে। এই থিম ভাবনার পোশাকি নাম ‘যাত্রা’। 

Advertisement

পুজোর থিম আর্টিস্ট শুভঙ্কর দত্তের কথায়, আগে বনেদি জমিদারবাড়িতেই শুধু পুজো হত। সেখান থেকে ধীরে ধীরে বারোয়ারি পুজোর প্রচলন এল। এরপর থিম পুজোয় মাতল বাঙালি। মণ্ডপে বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হবে এই পরিবর্তন। প্লাই, বাঁশ, লোহার কাঠামো, খড় দিয়ে গড়ে উঠছে মণ্ডপ। এখানে একদিকে যেমন থাকবে পুরানো কেনাকাটার হাট-বাজারের হরেক মডেল, তেমনই থাকবে শপিং মল। মাঝখানে বিশাল বনেদি বাড়ির এক কাল্পনিক ঠাকুরদালানে বিরাজ করবেন দশভূজা।
সাউথ সিটির সেন্টার ডিরেক্টর তথা এই পুজোর অন্যতম কর্মকর্তা দীপনারায়ণ বিশ্বাস বলেন, ‘পুজোর দিনগুলিতে সাউথ সিটির পাঁচ  হাজার কর্মী মলেই কাজ করেন। তাঁদের উৎসাহেই এই পুজো। আমরা কারও থেকে চাঁদা নিইনি। সবচেয়ে বড়ো কথা, মলের সামনের বিশাল জায়গায় কোনো গর্ত না করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের পরামর্শেই শালবল্লার খুঁটি বসিয়ে গড়ে উঠছে মণ্ডপ। তবে প্রতিমা নিয়ে কোনো পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে না। একেবারে বনেদি বাড়ির ঠাকুর দালানে একচালার সাবেকি দেবীমূর্তি দেখা যাবে। শিল্পী সনাতন পাল তৈরি করছেন প্রতিমা। সবরকম সরকারি বিধি কঠোরভাবে মেনেই চলছে মণ্ডপ তৈরির কাজ। একেবারে পেশাদারি ঢংয়ে মণ্ডপ শিল্পীদের হেলমেট পরিয়ে কাজ করানো হচ্ছে। মল কর্তাদের কথায়, পুজোর সময় সাউথ সিটি খোলাই থাকবে। কাজেই ক্রেতাদের সঙ্গে পুজো দেখতে আসার ভিড় আমরা অত্যন্ত সুচারুভাবে সামলাতে চাইছি। একাধিক বাঁশের চ্যানেল থাকবে দর্শনার্থীর ভিড় সামাল দিতে। সবচেয়ে বড়ো কথা, বিশেষভাবে সক্ষম,  অসুস্থ ও প্রবীণ ব্যক্তিদের জন্য থাকবে পুজো দেখার বিশেষ সময় বা আলাদা স্লট। আমাদের হেল্পলাইনে ফোন করে দর্শনার্থীরা মণ্ডপে ঢোকার স্লট বেছে নিতে পারবেন। যে সময় ভিড়ের চাপ কম থাকে, সেই সময় ওঁরা নিশ্চিন্তে সাউথ সিটিতে ঠাকুর দেখতে পারবেন।’ 
উদ্যোক্তারা আরও জানিয়েছেন, পুজো দেখতে আসা শিশুদের হাতে পরানো হবে এক ধরনের ব্যান্ড। সেখানে অভিভাবকরা ফোন নম্বর ও নাম লিখে দিতে পারবেন। সেক্ষেত্রে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে ব্যান্ডে লেখা ওই ফোন নম্বর শিশুটিকে খুঁজে দিতে পারবে। আবার মণ্ডপ থেকেই প্রয়োজনে দেওয়া হবে স্যানিটারি ন্যাপকিন। মোট কথা, বাঙালির  শারদ  সংস্কৃতি, ঐতিহ্য ও বর্তমানকে এক থিমে জুড়তে চলেছে আক্ষরিক অর্থেই শহরের প্রথম শপিং মলের কর্পোরেট স্টাইলের এই পুজো।

Advertisement
সম্পর্কিত সংবাদ