Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিফলে কোহলি-ঋতুরাজের সেঞ্চুরি, বোলারদের ব্যর্থতায় হারল ভারত, সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

রাঁচিতে কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল গুলি। রায়পুরে তা এড়ানো গেল না। বোলিং ব্যর্থতায় সাড়ে তিনশোর উপর রান তুলেও হারল ভারত।

বিফলে কোহলি-ঋতুরাজের সেঞ্চুরি, বোলারদের ব্যর্থতায় হারল ভারত, সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
  • ৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: রাঁচিতে কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল গুলি। রায়পুরে তা এড়ানো গেল না। বোলিং ব্যর্থতায় সাড়ে তিনশোর উপর রান তুলেও হারল ভারত। বুধবার ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় ৪ উইকেটে। আইডেন মার্করামের সেঞ্চুরি, ম্যাথু ব্রিজকি’র ঝোড়ো ইনিংসের সুবাদে অনায়াসেই ৩৫৯ রানের লক্ষ্য টপকে যায় তারা (৩৬২-৬)। সেই সঙ্গে সমতাও ফেরাল সিরিজে (১-১)। ট্র্যাজিক নায়ক হয়েই থাকলেন বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়রা। তাঁদের শতরান কাজে এল না। শনিবার বিশাখাপত্তনমে নির্ধারিত হবে সিরিজ।

Advertisement

এদিনই ম্যাচের বিরতিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে এল। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের বোলিংয়ের এমন কঙ্কালসার দশা নিশ্চিতভাবেই আতঙ্কে রাখবে সমর্থকদের। প্রসিদ্ধ, হর্ষিত রানারা বেধড়ক ঠ্যাঙানি খেলেন। টেলএন্ডারদেরও উপহার দিলেন বাউন্ডারি। টস জিততে না পারাও হয়ে উঠল ফ্যাক্টর। শিশিরের জন্য স্পিনাররা বল গ্রিপই করতে পারছিলেন না। তিনবার পাল্টাতে হল বল। এমন ভেন্যুতে কেন ম্যাচ দেওয়া হবে, ভাবা উচিত বোর্ডের।
তার আগে ওডিআই কেরিয়ারের ৫৩তম সেঞ্চুরি করেছিলেন বিরাট। কেরিয়ারে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি এল ১১বার। সাতটা চার ও দুটো ছক্কায় সাজানো ইনিংসের অমলিন মুগ্ধতা এদিনও মাঠের মধ্যে টেনে আনল বিরাট ভক্তকে। দুর্দান্তভাবে সুযোগের সদ্ব্যবহার করলেন ঋতুরাজও। ওডিআই কেরিয়ারের প্রথম সেঞ্চুরি এল ৭৭ বলে। এক ডজন চার ও দুটো ছক্কায় সাজানো ইনিংসে বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। টানা দুটো হাফ-সেঞ্চুরি, অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন লোকেশ রাহুলও। তিনি না চালালে রানটা সাড়ে তিনশো পেরত না। কিন্তু টস ভাগ্য এদিনও সহায় হল না কেএলের। এই নিয়ে টানা ২০টা টস হারল ভারত!
স্কোরবোর্ড: ভারত- যশস্বী ক বশ বো জানসেন ২২, রোহিত ক ডি’কক বো বার্গার ১৪, বিরাট ক মার্করাম বো এনগিডি ১০২, ঋতুরাজ ক ডি’জর্জি বো জানসেন ১০৫, রাহুল অপরাজিত ৬৬, সুন্দর রান আউট ১, জাদেজা অপরাজিত ২৪, অতিরিক্ত ২৪, মোট (৫০ ওভারে) ৩৫৮-৫। বোলিং: বার্গার ৬.১-০-৪৩-১, এনগিডি ১০-১-৫১-১, জানসেন ১০-০-৬৩-২, মহারাজ ১০-০-৭০-০, বশ ৮-০-৭৯-০, মার্করাম ৫.৫-০-৪৮-০। 
দক্ষিণ আফ্রিকা- মার্করাম ক ঋতুরাজ বো হর্ষিত ১১০, ডি’কক ক সুন্দর বো অর্শদীপ ৮, বাভুমা ক হর্ষিত বো প্রসিদ্ধ ৪৬, ব্রিজকি এলবি ডব্লু প্রসিদ্ধ ৬৮, ব্রেভিস ক যশস্বী বো কুলদীপ ৫৪, ডি’জর্জি আহত ও অবসৃত ১৭, জানসেন ক ঋতুরাজ বো অর্শদীপ ২, বশ অপরাজিত ২৯, মহারাজ অপরাজিত ১০, অতিরিক্ত ১৮, মোট (৪৯.২ ওভারে) ৩৬২-৬। বোলিং: অর্শদীপ ১০-০-৫৪-২, হর্ষিত ১০-০-৭০-১, প্রসিদ্ধ ৮.২-০-৮৫-২, সুন্দর ৪-০-২৮-০, জাদেজা ৭-০-৪১-০, কুলদীপ ১০-০-৭৮-১।
 দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।
 তিন ম্যাচের সিরিজ ১-১।

Advertisement
সম্পর্কিত সংবাদ