কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলির শুরুটা সুখকর হয়নি। এসএ২০’তে প্রথম দু’টি ম্যাচেই হেরে যায় তাঁর দল প্রিটোরিয়া ক্যাপিটালস। তবে ধাক্কা সামলে বুধবার জয়ে ফিরেছে ফ্র্যাঞ্চাইজিটি। এমআই কেপ টাউনকে ৮৫ রানে উড়িয়ে দিয়েছে সৌরভের দল। সৌজন্যে ডেওয়াল্ড ব্রেভিস ও শেরফানে রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং। এই দুই তারকা মিলে ২৭ বলে ৮৪ রানের জুটি গড়েন। সেই পথে দু’জনে মিলে পরপর ছ’টি বলে ছ’টা ছক্কাও হাঁকিয়েছেন। ১৫ বলে ৪৭ রান করেন রাদারফোর্ড। আর ব্রেভিসের সংগ্রহ ১৩ বলে ৩৬। সেই সুবাদে প্রথমে ব্যাট করে প্রিটোরিয়া ক্যাপিটালস তোলে ৫ উইকেটে ২২০। জবাবে ১৪.২ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে যায় এমআই কেপ টাউন। ব্যাটে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও ৪টি উইকেটে নিয়ে ম্যাচের সেরা হন রাদারফোর্ড। উল্লেখ্য, কোচ হিসেবে প্রথম জয় পেয়ে আপ্লুত সৌরভ। তাঁর দল আপাতত টেবিলের চার নম্বরে উঠে এসেছে। বাকি ম্যাচগুলিতে ছন্দ ধরে রাখতে বদ্ধপরিকর সৌরভ-ব্রিগেড।



