


সোমনাথ বসু, কলকাতা: সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির রোমাঞ্চে এখনও মজে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। শুভমান গিল-ব্রিগেডের বীরত্বে মুগ্ধ তিনি। প্রাক্তন ক্যাপ্টেনের মন জিতেছে টিম ইন্ডিয়ার নাছোড় মানসিকতা। বর্তমানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খোলামেলা মহারাজ।
প্রশ্ন: ভারত-ইংল্যান্ড সিরিজে কেমন দেখলেন?
সৌরভ: দারুণ সিরিজ হল। দু’টি দলই উপভোগ্য ক্রিকেট খেলেছে। টেস্ট ক্রিকেট কেন সেরা ফরম্যাট তা আরও একবার প্রমাণিত। টানটান উত্তেজক ছিল প্রতিটা ম্যাচ। চোখ সরানো যায়নি। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।
প্রশ্ন: ভারতেরই তো জেতা উচিত ছিল?
সৌরভ: ইংল্যান্ডের বাজবলের উপযুক্ত জবাব দিয়েছে গম্ভীর-ব্রিগেড। লর্ডস টেস্ট আমাদেরই জেতার কথা। জাদেজা ম্যাচটা টেনে নিয়ে এসেছিল। দুর্ভাগ্যবশত তীরে এসে তরি ডুবেছে। না হলে টেমসের পাড়ে লজ্জায় পড়ত স্টোকসরা। আমরাই সেক্ষেত্রে সিরিজ জিততাম।
প্রশ্ন: ক্যাপ্টেন গিল না ব্যাটসম্যান গিল— কে বেশি নজর টানল?
সৌরভ: সত্যি বলতে কী, গিলের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। যোগ্য ক্যাপ্টেন পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আর শুধু ক্যাপ্টেন নয়, গিল দুরন্ত ব্যাটসম্যানও। ইংল্যান্ড সিরিজে চারটি সেঞ্চুরি, ৭৫৪ রানই তার প্রমাণ। ক্যাপ্টেন হিসেবেও পরিণত হচ্ছে ক্রমশ। হেডিংলে টেস্টের চেয়ে ওভালে অনেক বেশি বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিল।
প্রশ্ন: এই ভারতীয় দলের বৈশিষ্ট্য কী?
সৌরভ: সবচেয়ে ভালো লাগল ইতিবাচক মানসিকতা। লোকেশ রাহুল, শুভমান গিল, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, প্রসিদ্ধ কৃষ্ণারা ভবিষ্যতের সম্পদ। প্রতিপক্ষের চোখে চোখ রেখে ওরা জয় ছিনিয়ে আনতে জানে। কঠিন পরিস্থিতির চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে। বিদেশের মাঠে সাফল্য পাওয়ার জন্য শুধু ভালো খেললেই হয় না। লড়াকু মানসিকতারও প্রয়োজন। সেই মানসিক কাঠিন্য দলটার রয়েছে।
প্রশ্ন: সিরিজ জুড়েই অক্লান্ত দেখিয়েছে মহম্মদ সিরাজকে। বুমরাহর অভাব বুঝতেই দেননি তিনি। এই প্রসঙ্গে কী বলবেন?
সৌরভ: সিরাজ আউটস্ট্যান্ডিং। শেষ টেস্টে ওর লড়াই বহুদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। লর্ডসে ওইরকম মন ভেঙে দেওয়া আউটেও মুষড়ে পড়েনি। ওভালে ক্যাচ মিস করা সত্ত্বেও নিজের কর্তব্যে অবিচল থেকেছে। ম্যাচ জেতানো বোলিংই তার প্রমাণ। এই হার-না-মানা জেদটাই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: কুলদীপ যাদবকে কি খেলানো উচিত ছিল?
সৌরভ: কুলদীপ যথেষ্ট প্রতিভাবান। বৈচিত্র্য প্রচুর। ওকে খেলালে বোলিং বিভাগ আরও শক্তিশালী হতো। হয়তো সিরিজও জিততাম। কিন্তু ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে খেলানো সম্ভব হয়নি।
প্রশ্ন: কোচ গৌতম গম্ভীরকে কত নম্বর দেবেন?
সৌরভ: নম্বর-টম্বর বুঝি না। ইংল্যান্ড সিরিজটা গম্ভীরের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। হারলে সমালোচকরা ছিঁড়ে খেতেন। কিন্তু আসল সময়ে গোতি দারুণ কাজ করেছে। এক সুতোয় দলকে বাঁধতে পেরেছে ও।
প্রশ্ন: সিএবি সভাপতি পদে দাঁড়াচ্ছেন তো?
সৌরভ: হ্যাঁ, সিএবি সভাপতি পদে অবশ্যই দাঁড়াব। জিতলে একাধিক পরিকল্পনা রয়েছে। বাংলার ক্রিকেট থেকেই আমার উত্থান। তাই কিছু ফিরিয়ে দিতে চাই। এই রাজ্যে প্রতিশ্রুতিসম্পন্ন ক্রিকেটারদের অভাব নেই।
প্রশ্ন: পরের মাসে এশিয়া কাপ। ভারতের সম্ভাবনা কতটা?
সৌরভ: এশিয়া কাপে ভারত অবশ্যই ফেভারিট। দলের প্রতিটি বিভাগ ব্যালান্সড। সাদা বলে টিম ইন্ডিয়ার জবাব নেই। আমার তো মনে হয়, প্রতিযোগিতার অন্যতম ফেভারিট ভারত।