লেহ, ১৫ নভেম্বর: লাদাখের মানুষদের দীর্ঘদিনের দাবি নিয়ে আন্দোলন করেছিলেন সোনম ওয়াংচুক। কিন্তু লাদাখে ‘হিল কাউন্সিল ইলেকশন’-ডিসেম্বর মাসে হওয়ার কথা। তার আগেই, ষাট দিনের জন্য সোনম ওয়ংচুককে গৃহবন্দি করল প্রশাসন।
সোনম ওয়াংচুক জানান, ডিসেম্বর মাসে প্রচণ্ড শীতে নির্বাচন হলে অনেক মানুষ ভোট দিতে পারবে না। তাই নির্বাচনের সময় পরিবর্তনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর কার্যকলাপের জন্য আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এই বিধিনিষেধ চলাকালীন তিনি কোনো প্রতিবাদ, মিছিল বা জনসভায় অংশ নিতে পারবেন না। সোনম ওয়াংচুকের অভিযোগ, তাকে কার্যত ঘরে আটকে রাখা হয়েছে। তাঁর প্রতিবাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। উল্লেখ্য, লাদাখের মানুষ চাইছেন নিজেদের জমি, সংস্কৃতি, চাকরি এবং রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নিজেরাই বেশি সিদ্ধান্ত নিতে পারবেন। আর সেই দাবিতে আন্দোলন করছেন সোনম ওয়াংচুক। একদিকে প্রশাসনের আইনশৃঙ্খলা বজায় রাখার যুক্তি, অন্যদিকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় থাকে, এখন সেদিকেই নজর।



