পুনে, ১৫ নভেম্বর: মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি। বিপদ এড়াতে পুণে বিমানবন্দরে জরুরি অবতরণ করল গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি বিমান। আজ রবিবার ইন্ডিগোর ৬ই০৬২৩ নম্বরের বিমানটি পুনে থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ওড়ার পরই ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানায় পাইলট।
পরিস্থিতির গুরুত্ব বুঝে পুনে বিমানবন্দরে সতর্ক রাখা হয় দমকল, অ্যাম্বুল্যান্স এবং আপৎকালীন উদ্ধারকারী দলগুলিকে। এরপর রানওয়ের উপর দিয়ে নিচুতে উড়ে যায় বিমানটি। মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের অবস্থা পরীক্ষা করার পর সকাল ৯টা ৪ মিনিটে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। এই বিমানটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে মোট ১৯২ জন ছিলেন। অবতরণের পর তিনটি দমকলের ইঞ্জিন এবং দুটি অ্যাম্বুল্যান্সের সাহায্যে তাঁদের বে নম্বর ৭-এ নিয়ে যাওয়া হয়। পরে অ্যারোব্রিজের মাধ্যমে সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। আটকে পড়া যাত্রীদের গুয়াহাটি পৌঁছে দিতে বেঙ্গালুরু থেকে বিকল্প বিমানের ব্যবস্থা করেছে ইন্ডিগো।



