সংবাদদাতা, রামপুরহাট: বাংলাদেশি সন্দেহে ‘পুশব্যাক’ করেছিল দিল্লি পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। দীর্ঘ লড়াইয়ে পর দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালি বিবি। তৃণমূল আইনি লড়াইয়ে পাশে না থাকলে দেশের মাটিতে ফেরা হত না তাঁর। এই সোনালি বিবি গত সোমবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর আব্দার ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন নামকরণ করেন তাঁর সন্তানের। মঙ্গলবার তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে মেডিকেল কলেজে ঢুকে সোনালির সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মিনিট ১৫ কথা বলেন তাঁর সঙ্গে। শোনেন, দিল্লি ও বাংলাদেশে অত্যাচারের কাহিনি। শেষে সোনালিদের অনুরোধেই সদ্যোজাতের নামকরণ করেন অভিষেক। নাম রাখেন ‘আপন’। তাঁর ব্যাখ্যা, বিজেপি সোনালিদের ‘পর’ বানিয়ে বাংলাদেশে ‘পুশব্যাক’ করে দিয়েছিল। আর আমরা আপন ভেবে আইনি লড়াই লড়ে তাঁকে ফিরিয়ে এনেছি।



