সংবাদদাতা, বোলপুর: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার সন্ধ্যায় ইলামবাজারের ১৪ নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম পরমেশ্বর মেটে (২১)। তাঁর বাড়ি ইলামবাজারের খয়েরবুনি গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে বামাকালী পুজোর জন্য জিনিসপত্র কিনতে তিন বন্ধু একটি মোটরবাইকে ইলামবাজারে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোতে সজোরে ধাক্কা মারে বাইকটি। ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনজন। তাঁদের উদ্ধার করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরমেশ্বরকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে খয়েরবুনি গ্রামে। শোকের আবহে বামাকালী পুজো উপলক্ষে বাকি অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা।



