নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯২ বছর বয়সি জিতেন নন্দী বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। গত দু’বছরে একাধিকবার আইসিইউতে কাটাতে হয়েছে। হাঁটার শক্তি নেই। তবুও বৃহস্পতিবার ইডেনে খেলা দেখলেন তিনি। হুইলচেয়ারে করে বাবাকে নন্দনকাননে নিয়ে এসেছেন ছেলে সুভাষ নন্দী। টালিগঞ্জের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। আবেগের সুরে তিনি বললেন, ‘ছোটবেলায় বাবার হাত ধরে কত ঘুরেছি। স্কুলে গিয়েছি। এবার আমার পালা।’ দীর্ঘশ্বাস ফেলে তাঁর সংযোজন, ‘মা খুব ঘুরতে ভালোবাসতেন। কিন্তু তাঁর ইচ্ছা সেভাবে পূরণ করতে পারিনি। তাই বাবার সেবায় ত্রুটি রাখব না। তাঁর মুখের হাসিই আমার আশীর্বাদ।’ ইডেনের আলোয় বাবার মুখের দিকে চেয়ে উদাস হয়ে পড়লেন সুভাষ।



