পদ্ম শিবিরের গোষ্ঠী সংঘর্ষে জখম দলীয় নেতার ছেলে, তদন্তে পুলিশ
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের বেগড়ির পর এবার বেলুড়। বিজেপির আদি ও নব্য কর্মীদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল হাওড়ায়। বিজেপির হাওড়া জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মনোজ সিংয়ের ছেলে হর্ষ সিংয়ের উপর হামলার অভিযোগ উঠেছে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা নবীন নামে এক যুবকের বিরুদ্ধে। বেলুড়ের মতোয়ালা চৌরাস্তার কাছে একটি আবাসনের সামনে গভীর রাতে দু’পক্ষের মধ্যে মারামারি ও হাতাহাতি হয়। তাতে হর্ষ সহ দু’পক্ষেরই কয়েকজন জখম হন। ভাঙচুরের অভিযোগও উঠেছে। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজে। ইতিমধ্যেই বেলুড় থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। পুলিশ ওই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Advertisement

হর্ষের অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় আচমকা কয়েকজন তাঁর উপর চড়াও হয়। তাঁর দাবি, নবীনের নেতৃত্বেই এই হামলা হয়েছে। নবীন তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া জেলার প্রাক্তন সভাপতি কৈলাস মিশ্রের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। গত বিধানসভা ভোটের পর তিনি শিবির বদলে বিজেপিতে আসেন। আক্রান্তের বাবা বিজেপি নেতা মনোজ সিংয়ের দাবি, বিকাল ৫টার পর কয়েকজন যুবক মোটরবাইকে চড়ে তাঁর বাড়ির আশপাশে চক্কর কাটছিল। রাতে ছেলে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা করে তারা। হর্ষের মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ চারটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে। আগেও নবীন হর্ষকে আক্রমণ করেছিল বলে অভিযোগ তুলেছেন মনোজ। তাঁর বক্তব্য, ২০১৩ সাল থেকে বিজেপি করছি। বালি ২ নম্বর মণ্ডলের সভাপতির দায়িত্বও সামলেছি। অথচ এখন বাড়ি থেকে কয়েক মিটার দূরে থানা থাকা সত্ত্বেও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকতে হচ্ছে।
বালির বিধায়ক সঞ্জয় সিং জানিয়েছেন, দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হয়েছেন। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তিনি। বিজেপির জেলা সম্পাদক ওমপ্রকাশ সিংও এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মনোজ সিংয়ের পাশে দল রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।