Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অতিরিক্ত বর্জ্যের সমস্যায় থমকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ডোমজুড়ে বন্ধ কেন্দ্র

চার পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য কোথায় যাবে, তা নিয়েই তৈরি হয়েছে সমস্যা। অতিরিক্ত বর্জ্যের চাপে ডোমজুড় ব্লকের একমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে।

অতিরিক্ত বর্জ্যের সমস্যায় থমকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ডোমজুড়ে বন্ধ কেন্দ্র
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চার পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য কোথায় যাবে, তা নিয়েই তৈরি হয়েছে সমস্যা। অতিরিক্ত বর্জ্যের চাপে ডোমজুড় ব্লকের একমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে। ফলে আগস্ট মাস থেকে এই কেন্দ্রের আওতায় থাকা চারটি পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাড়ি থেকে কঠিন বর্জ্য সংগ্রহের কাজও বন্ধ। আচমকা এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অনেক এলাকায় বাড়ির সামনে বর্জ্য জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি পরিবেশ দূষণের আশঙ্কাও থাকছে।

Advertisement

দক্ষিণ ঝাঁপড়দহ পঞ্চায়েত এলাকায় থাকা ওই কেন্দ্রটির মাধ্যমে উত্তর ঝাঁপড়দহ, দক্ষিণ ঝাঁপড়দহ, ডোমজুড় এবং পার্বতীপুর, এই চারটি পঞ্চায়েতের বাড়ি ও বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ করা হয়। কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব ডোমজুড় পঞ্চায়েত সমিতির। আগস্ট মাসে পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিকের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটি বন্ধ থাকবে। পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রটির ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বর্জ্য জমে গিয়েছে। সেই অতিরিক্ত বর্জ্য সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আগে নতুন করে সেখানে বর্জ্য ফেলা সম্ভব নয়। জমে থাকা বর্জ্য দ্রুত সরিয়ে কীভাবে কেন্দ্রটি ফের চালু করা যায়, তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। তবে কবে থেকে ফের বর্জ্য সংগ্রহের কাজ শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।
তবে এই কেন্দ্রের কর্মীদের একাংশের অভিযোগ, সমস্যাটি একদিনে তৈরি হয়নি। তাঁদের দাবি, জুন এবং জুলাই মাসের বেতন এখনও মেলেনি। পাশাপাশি চারটি পঞ্চায়েত এলাকার বিপুল পরিমাণ বর্জ্য সামলানোর জন্য যে সংখ্যক কর্মী প্রয়োজন, বাস্তবে তার তুলনায় কর্মীসংখ্যা অনেক কম। ফলে দীর্ঘদিন ধরে বর্জ্য জমতে জমতে বর্তমানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রটি বন্ধ থাকায় আগামী দিনে চারটি পঞ্চায়েত এলাকায় জঞ্জালের সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি উঠেছে। জগৎবল্লভপুরের বিধায়ক অনুপম ঘোষ বলেন, ‘ওই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি শীঘ্রই চালু হওয়া প্রয়োজন। অতিরিক্ত বর্জ্য কীভাবে দ্রুত সরিয়ে কেন্দ্রটি পুনরায় চালু করা যায়, সে বিষয়ে ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ