সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকার অনেকটাই চলে যেত বিদ্যুতের বিল মেটাতে। এর জেরে নানা সমস্যার মুখে পড়তে হতো বিদ্যালয় কর্তৃপক্ষকে। সেই সমস্যা মেটাতে এবার স্কুলে সৌরবিদ্যুৎ পরিষেবা শুরু হল। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, উলুবেড়িয়ার হিন্দুস্থান কোলাস প্রাইভেট লিমিটেডের আর্থিক সহায়তায় এই সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। মঙ্গলবার স্কুলে তার উদ্বোধন করেন রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার।
পাশাপাশি এদিন স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনও করেন রাজেশ কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকর্তা উপালি রায়, উলুবেড়িয়ার মহকুমাশাসক তথা স্কুলের সভাপতি মানসকুমার মণ্ডল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস প্রমুখ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী পড়াশুনা করে। এতদিন স্কুলে মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকার বিদ্যুতের বিল আসছিল। ফলে পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকার অনেকটাই বিদ্যুতের বিল মেটাতে চলে যেত। এখন স্কুলে ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বসানোয় উপকার হবে। তিনি জানান, স্কুলের গ্রন্থাগারিক অনুপ পালের দেওয়া ৪টি কম্পিউটার ওই প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।-নিজস্ব চিত্র