দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: শুধুমাত্র দিল্লি নয়, সারা দেশেই দূষণ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিত্যনতুন পদ্ধতি প্রয়োগের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। কখনো সেই পদক্ষেপ সফল হচ্ছে। আবার কখনো তা কাজে আসছে না। সরকারের এহেন পদক্ষেপের মধ্যে অন্যতম হল বিদ্যুৎচালিত গাড়ি (ইভি)। দূষণ কমানোর উদ্দেশ্যে সরকার বারবার আরজি জানাচ্ছে যাতে, সাধারণ মানুষ আরও বেশি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোর দেয়। কিছু ক্ষেত্রে এর ব্যবহারও শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমন সাড়া মেলেনি। কারণ ইভি ব্যবহারকারীদের বড়ো অংশেরই অভিযোগ, এদেশে বৈদ্যুতিক গাড়ি চার্জিংয়ের যথাযথ পরিকাঠামো এখনও সেভাবে নেই। আবার চার্জিংয়ের সময় আচমকা বিদ্যুৎ ‘ফ্লাকচুয়েশনে’ বহু ক্ষেত্রেই গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অনেকে। এমনকি দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই সমস্যা সমাধানে এবার এক চমকপ্রদ আবিষ্কার অন্তত কিছুটা হলেও স্বস্তি দিতে চলেছে সরকারকে। এনআইটি রাউরকেল্লার গবেষকদের আবিষ্কৃত সৌর প্যানেল যুক্ত ওই ইভি চার্জিং ব্যবস্থা সামলে দিতে পারে যে কোনো গুরুতর ভোল্টেজ ফ্লাকচুয়েশনকে। এমনকি প্রয়োজনে সংশ্লিষ্ট বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি থেকে চার্জিং সিস্টেমে বিদ্যুৎ ফেরত পাঠিয়ে কমিয়ে দেবে বৈদ্যুতিক চাপও। ফলে বড়োসড়ো দুর্ঘটনা বা বিপত্তির আশঙ্কাও কমে যাবে। অন্তত এমনই দাবি করছেন এনআইটি রাউরকেল্লার ওই গবেষকরা। ঘটনাচক্রে ওই টিমে রয়েছেন এক বাঙালি গবেষকও। তিনি হলেন এনআইটি রাউরকেল্লার সহায়ক অধ্যাপক অর্ণব ঘোষ। তবে যাঁর নেতৃত্বে এই পুরো কর্মকাণ্ড চলেছে, তাঁর নাম অধ্যাপক প্রভাতকুমার রায়। তিনি এনআইটি রাউরকেল্লার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। প্রভাতবাবু বলেন, ‘বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। তবে চার্জিং নিয়ে নানারকম অভিযোগ আছে। এর মধ্যে কারেন্ট ফ্লাকচুয়েশন এবং তার জেরে ওই ইভির ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়া অন্যতম। আমরা যে পদ্ধতিতে চার্জিং সিস্টেম তৈরি করেছি, তাতে এই আশঙ্কা প্রায় থাকবে না। পুরোটাই স্মার্ট কন্ট্রোল হবে।’ ইতিমধ্যেই এই ইভি চার্জিং সিস্টেমের পেটেন্টের জন্য আবেদন জমা দিয়েছেন এনআইটি রাউরকেল্লার গবেষকরা।



