সংবাদদাতা, মেখলিগঞ্জ: প্রায় দু’মাস ধরে সাপের উপদ্রবে কার্যত অচল হয়ে পড়েছে মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের ৯৪ নম্বর ফুলকাডাবড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাপের ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না অভিভাবকরা। বৃহস্পতিবার ক্ষুব্ধ অভিভাবকরা খুদে পড়ুয়াদের নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। অভিভাবকদের অভিযোগ, সাপের আতঙ্কে বহুদিন ধরে খোলা আকাশের নীচে ক্লাস করানো হচ্ছে। এতে বৃষ্টি হলে বিপাকে পড়ছে পড়ুয়ারা। এদিন কাংড়াতলি মোড়ে মেখলিগঞ্জ-কুচলিবাড়ি সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কুচলিবাড়ি থানার পুলিস।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কখনও শ্রেণিকক্ষের দরজা খুলতেই সাপ বের হচ্ছে। আবার কখনও ক্লাস চলাকালীনই গোখরো সাপ ঘোরাঘুরি করছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-অভিভাবক সকলে আতঙ্কে দিন কাটাচ্ছেন। ক্লাসের পাশাপাশি মিড ডে মিলের ব্যবস্থাও করতে হচ্ছে বাইরে।
অভিভাবক মেঘনাথ হরিজন বলেন, সাপের ভয়ে বাচ্চাদের স্কুলে পাঠানোর সাহস পাচ্ছি না। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়েই আজ আন্দোলনে নেমেছি। গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত রায় জানান, অভিভাবকদের ক্ষোভ এদিন রাস্তায় বিস্ফোরিত হয়েছে। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
স্কুলের প্রধান শিক্ষক মিঠুন দেবদাস বলেন, গত একমাসে অন্তত তিন-চারবার গোখরো সাপ শ্রেণিকক্ষে ঢুকেছে। এতে পড়ুয়াদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা ব্যক্তিগত উদ্যোগে জঙ্গল পরিষ্কার করেছি। ব্লিচিং পাউডার ও কার্বলিক অ্যাসিড ব্যবহার করেছি। তবুও সমস্যা থেকে যাচ্ছে। সম্ভবত স্কুল চত্বরের পুরনো একটি ঘর থেকেই সাপ বের হচ্ছে। অভিভাবক ও স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে সাপের আতঙ্ক থেকে মুক্তি দিতে হবে। নইলে আন্দোলন আরও জোরদার হবে।