সংবাদদাতা, বর্ধমান: সোনা চুরিতে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে দিল্লির করলবাগ থানার পুলিস। ধৃতের নাম শেখ সাহেবজান। মেমারি থানার তাজপুরে তার বাড়ি। রবিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে কিছু সোনার গয়না এবং ৭০০ টাকা উদ্ধার হয়েছে। তার মোবাইলটিও পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, করলবাগ থানা এলাকার বাসিন্দা সঞ্জয় গয়াল ১৭ডিসেম্বর পুলিসে অভিযোগ দায়ের করেন। তাঁর সোনার অলঙ্কারের দোকান রয়েছে। কিছুদিন আগে তাঁর দোকান থেকে ২ কেজি ৭০০ গ্রাম সোনা চুরি হয়ে যায়। তাতে কয়েকজনের নাম জড়ায়। তার মধ্যে সাহেবজানও রয়েছে। অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্তে নামে করলবাগ থানার পুলিস। মোবাইলের সূত্র ধরে সাহেবজানের হদিশ মেলে। সেই সূত্র ধরে দিল্লি পুলিসের একটি টিম মেমারিতে এসে পৌঁছয়। স্থানীয় থানার সাহায্য নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে তিনদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। ২৬ ডিসেম্বর তাকে তিশহাজারি আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক।



