নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদে সাত কোটি টাকার মাদক উদ্ধার করল বিএসএফ। রঘুনাথগঞ্জের পিরোজপুর সীমান্তে এক বাংলাদেশি পাচারকারীকে বিএসএফ পাকড়াও করে। তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল মাদক। তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে গত কয়েকদিন ধরেই মাদক পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। শুক্রবার বিকেলে বাংলাদেশে পাচারের সময় পিরোজপুর সীমান্তে দুই পাচারকারীকে জওয়ানরা ধাওয়া করেন। তারমধ্যে এক পাচারকারী পালিয়ে গেলে অপরজনকে ধরে ফেলে বিএসএফ। ধৃতের নাম রহমান শেখ। তার বাড়ি বাংলাদেশের চাঁপাই-নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা। তার কাছ থেকে ৩.৩৮৭ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিকরা। ধৃতকে শনিবার বহরমপুর আদালতে তুলে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায় এনসিবি। তাকে চারদিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পিরোজপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা গোপন সূত্রে খবর পান ওই এলাকা দিয়ে অবৈধ জিনিসপত্র পাচার হতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেন জওয়ানরা। সীমান্তে পাহারা বাড়িয়ে দেওয়া হয়। পড়ন্ত বিকেলে ভারতের দিক থেকে বাংলাদেশের সীমান্তের দিকে দু’জনকে এগিয়ে যেতে থাকে। তাদের দেখে বিএসএফের সন্দেহ হয়। জওয়ানরা তাদের দু’জনকে দাঁড়ানোর নির্দেশ দেন। কিন্তু, তারা বিএসএফের নির্দেশ অমান্য করে সীমান্ত পেরনোর চেষ্টা করে। তখনই তাদের পিছু ধাওয়া করেন জওয়ানরা। পাচারকারীরা দ্রুত জিনিসগুলি ঝোপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় বিএসএফ হেরোইন উদ্ধার করে। অন্যরা ধাওয়া করে একজনকে ধরে ফেলে। বিএসএফ জানিয়েছে, পাঁচটি প্যাকেটে মাদক ভরা ছিল। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, মাদকের প্যাকেটগুলি এক ভারতীয় তাদের দিয়েছিল। সেটা সীমান্তের ওপারে পৌঁছে দেওয়ার জন্য মোটা টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল। অগ্রিম হিসেবে কিছু টাকাও দিয়েছিল। বাকি টাকা কাজ শেষ হলে দেবে বলে জানিয়েছিল।
অন্যদিকে, হাত বদলের আগে হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিস। শুক্রবার রাতে লালগোলা থানার উত্তরের লতিবের পাড়ায় নাকা তল্লাশি চালানোর সময় পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মইদুল শেখ ও আনিসুর শেখ। তাদের কাছ থেকে ৩৪৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের শনিবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃত দুই যুবক মাদক কারবারের ক্যারিয়ার হিসেবে কাজ করে। রঘুনাথগঞ্জের এক কারবারির থেকে হেরোইন নিয়ে এসে স্কুটিতে চেপে লালগোলার নলডহরিতে হাত বদলের জন্য আসছিল। তার আগেই হেরোইন সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা। আরও জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে।