মুম্বই: বিশ্বকাপে হারের হ্যাটট্রিকের জেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। শেষ চারের আশা জিইয়ে রাখতে বৃহস্পতিবার কিউইদের বিরুদ্ধে জয় ছাড়া পথ ছিল না হরমনপ্রীত কাউরদের। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কার্যত অস্তিত্বের লড়াইয়ে ৫৩ রানের দুরন্ত জয় হাসিল করল ভারত। বিশ্বকাপের শেষ চারে জায়গা পাকা করে ফেলল প্রমীলা বাহিনী। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের দুরন্ত শতরানে ভর করে রানের পাহাড়ে পৌঁছে যায় ভারতের প্রমীলা ব্রিগেড। প্রথমে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্মৃতিদের সংগ্রহ ৪৯ ওভারে ৩ উইকেটে ৩৪০। বিশ্বকাপে এটিই ভারতের সর্বাধিক রান। বৃষ্টির কারণে ৪৪ ওভারে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩২৫। জবাবে ৮ উইকেটে ২৭১ রানে থামল কিউই ইনিংস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন রেনুকা ও ক্রান্তি। ভারতের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। হারলেও ক্ষতি নেই। সেক্ষেত্রে হরমনপ্রীতদের পয়েন্ট দাঁড়াবে ৬। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে তাদেরও ৬ পয়েন্ট হবে। কিন্তু তাদের তুলনায় বেশি ম্যাচ জেতার সুবাদে শেষ চারে নিশ্চিত হরমনপ্রীতরা। তবে প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়।



