Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্পত্তি করের সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাঙার খরচও

সম্পত্তি করের সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাঙার খরচও
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভা বিপজ্জনক বাড়ি ভাঙলে সেই বাবদ যা খরচ হবে, সেই টাকা এবার থেকে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তির করের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। সম্প্রতি বিল্ডিং বিভাগকে এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে টালিগঞ্জ অঞ্চলের বিপজ্জনক বাড়ি সংক্রান্ত একটি অভিযোগ আসে। যার পরিপ্রেক্ষিতে জায়গাটি পরিদর্শনের পর প্রয়োজনে ভেঙে ফেলার নির্দেশ দেন মেয়র। তবে বাড়ি ভাঙার জন্য যে খরচ হবে, তা মালিকের সম্পত্তি করের সঙ্গে জুড়ে দিতে বলেছেন তিনি। বিল্ডিং বিভাগ সূত্রে খবর, যেখানে যেখানে পুরসভা বাড়ি ভাঙার কাজ করে, সেই খরচ বিল আকারে সংশ্লিষ্ট জমির মালিককে দিতে হয়। কিন্তু সেই টাকা উদ্ধার করা সব সময় সম্ভব হতো না। পরবর্তীকালে এই কাজ অনিয়মিত হয়ে পড়ে। এবার মেয়রের নির্দেশের পর ফের নতুন করে নির্দেশিকা জারি হতে চলেছে।
Advertisement
টালিগঞ্জ অঞ্চলের গোবিন্দ ব্যানার্জি লেনে বহু পুরনো একটি বাড়ি রয়েছে। যেটি ভেঙে ভেঙে পড়ছে বলে অভিযোগ করেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, রাস্তার ধারেই বাড়ি। মাঝেমধ্যেই বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি, বাড়ির একতলায় ইঁদুরের উৎপাত। ভিতের মাটি আলগা হয়ে গিয়েছে। এই অবস্থায় ওই বিপজ্জনক বাড়ি ভাঙার আর্জি জানান তিনি। যার পরিপ্রেক্ষিতে মেয়র বিল্ডিং বিভাগকে জায়গাটি পরিদর্শনের নির্দেশ দেন। বাড়িটি যদি সত্যিই বিপজ্জনক হয়ে থাকে, তাহলে ভেঙে ফেলতে বলেন মেয়র। সেই সঙ্গে তাঁর সংযোজন, বাড়ি ভাঙার জন্য যা খরচ হবে, সেই টাকা সংশ্লিষ্ট জমির সম্পত্তি করের সঙ্গে জুড়ে দেওয়া হবে। ফিরহাদের কথায়, মালিক এতদিন বাড়িটি ভাঙেননি। এবার দেখা যাবে, পুরসভা ভেঙে যাওয়ার পর সেখানে প্রোমোটিং হচ্ছে। মালিক, প্রোমোটার লাভবান হবেন। অথচ ভাঙার খরচ হবে পুরসভার। নতুন নির্মাণ করার আগে পুরসভাকে সেই হিসেব চুকিয়ে দিতে হবে। এবার থেকে সর্বত্র এই নিয়ম লাগু করতে বলেছেন মেয়র।
এক পুরকর্তা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, বিপজ্জনক বাড়ি পুরসভাকে ভাঙতে হচ্ছে। কখনও বিপজ্জনক বাড়ি বা অবৈধ নির্মাণ আংশিক ভেঙে পড়ার পর সেটি পুরোপুরি ভেঙে জমিটি পরিষ্কার করতে হচ্ছে পুরসভাকে। তার জন্য বিপুল খরচ হয়। এবার থেকে সেই টাকা সম্পত্তি করের সঙ্গে জুড়ে দিলে আখেরে লাভবান হবে পুরসভা।
এতদিন ফাঁকা জমিতে জঙ্গল বা ময়লা পড়ে থাকলে সেই জায়গা পরিষ্কারের পর সেই বাবদ খরচ সম্পত্তি করের সঙ্গে যুক্ত করে দেওয়া হতো। এবার থেকে বিপজ্জনক বাড়ি ভাঙার খরচও যুক্ত করা হবে। তবে কোন কোন ধরনের বাড়ির ক্ষেত্রে এই খরচ নেওয়া হবে, তা চূড়ান্ত হয়নি।  ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ