Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিশের হাত থেকে আসামী ছিনতাই! জাল কয়েনচক্রের মূল পাণ্ডা তৃণমূলকে নেতা ফের গ্রেপ্তার

সিউড়িতে জাল কয়েনচক্রের মূল পাণ্ডা তাহেরুল শেখকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের হাত থেকে ছিনতাই। ঘটনাটি রাজনৈতিক হিংসার সাথে যুক্ত। বিস্তারিত পড়ুন।

পুলিশের হাত থেকে আসামী ছিনতাই! জাল কয়েনচক্রের মূল পাণ্ডা তৃণমূলকে নেতা ফের গ্রেপ্তার
  • ২৬ জুলাই, ২০২৬ ২১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অভিযুক্তকে ধরে গাড়িতে তোলার মুখে পুলিশকে ঘিরে ধরল গ্রামবাসী। চলল বেপরোয়া ধস্তাধস্তি। আর সেই সুযোগেই পুলিশের হাত থেকে আসামীকে ছাড়িয়ে চম্পট দিল পরিবারের লোক। আজ, রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল সাঁইথিয়া থানার আমোদপুর ফাঁড়ি এলাকার ভ্রমরকোল অঞ্চলের কল্যাণপুর-নোয়াপাড়া গ্রাম। তবে রণে ভঙ্গ না দিয়ে খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রাম ঘিরে ফেলে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ও প্রশাসন। গ্রামজুড়ে তল্লাশি চালিয়ে অবশেষে আসামী তাহেরুল শেখকে ফের গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি আসামী ছিনতাই ও পুলিশকে কাজে বাধাদানের অভিযোগে আটক করা হয় আরও একাধিক অভিযুক্তকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার একটি মামলায় এদিন তাহেরুলকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। গত নির্বাচনে লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস সাহার ছেলে এবং তাঁর ইলেকশন এজেন্ট ভ্রমরকোল গ্রামে ভোট পরিদর্শনে এলে তাঁদের ওপর বেধড়ক হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ছিলেন ওই অঞ্চলের তৎকালীন তৃণমূল সভাপতি তাহেরুল শেখ। ফল প্রকাশের পর দল হেরে যেতেই তিনি ওই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ তিনি গ্রামে ফিরেছেন খবর পেয়েই আমোদপুর ফাঁড়ির পুলিশ হানা দেয়। তাঁকে গ্রেপ্তার করে গাড়িতে তুলতে গেলেই মহিলারা এগিয়ে আসেন। পাশাপাশি প্রচুর লোক এসে পুলিশকে হেনস্তা করার পর অভিযুক্তকে ছড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামে ফের অভিযান চালানো হয়। 

তবে পুলিশের এই অভিযানের সময় গ্রামজুড়ে ব্যাপক তাণ্ডব চালানো এবং নির্বিচারে লোকজনকে ধরে নিয়ে যাওয়ার পাল্টা অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। যদিও পুলিশ জানিয়েছে, আইনের হাত থেকে অপরাধীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ। এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। তবে শুধু রাজনৈতিক হিংসাই নয় তদন্তে নেমে তাহেরুলকে নিয়ে বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ। লাভপুর ও সংলগ্ন অঞ্চলের কুখ্যাত জাল কয়েনচক্রের মূল মাথাই এই প্রাক্তন তৃণমূল নেতা। পুরানো সোনার কয়েন কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে ক্রেতাদের ডেকে এনে লক্ষ লক্ষ টাকা লুট করত সে। এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে রেহাই পেলেও এবার আইন তার নিজের পথেই হেঁটেছে। এর পাশাপাশি মাদক কারবারেও তাঁর সরাসরি মদত ছিল বলেও অভিযোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ