Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সম্পত্তি দখল করেই বাড়ি তৈরির অভিযোগ

সম্পত্তি দখল করেই বাড়ি তৈরির অভিযোগ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: অপরের সম্পত্তি দখল করে গৃহ নির্মাণের অভিযোগ উঠল চাপড়া ব্লকে। ঘটনাটি ঘটেছে চাপড়া গার্লস স্কুল পিছনে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা বাগবুল মণ্ডল এই নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। 
Advertisement
জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ৩২ নম্বর দ্বীপচন্দ্রপুর মৌজায় ৮৭০/২৩৬১ নং দাগের ৩০০০ শতক জমি কিনেছিলেন বাগবুল মণ্ডল। কিন্তু ওই সম্পত্তির চরিত্র পরিবর্তন না করেই তিনি গৃহ নির্মাণ শুরু করেছিলেন। যা নিয়ে আশেপাশের লোকজন আপত্তি জানান। অভিযোগ ওঠে, পুকুর ভরাট করে বাগবুল মণ্ডল গৃহ নির্মাণ করছেন। বিষয়টি সামনে আসার পর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। 
ঘটনাচক্রে দেখা যায়, ওই প্লটের পাশেই ৮৭০/২৩৬২ দাগে অপর একটি প্লট রয়েছে। বাগবুল মণ্ডলের অভিযোগ, অবৈধ ভাবে লোকের সম্পত্তি ঘিরে ফেলে সেখানে গৃহ নির্মাণ করছে কিছু অসাধু মানুষ।‌ সেই অবৈধ কাজের তদন্ত করার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তিনি। অভিযোগকারী বলেন, ‘আমি একটা জমি কিনেছিলাম। সেটি ছিল পুকুর। সেখানে জমির উপর ভিত করা ছিল। আমি জমি কিনে তার উপর পিলার তৈরি করি। আমরা গ্রামের লোক। তাই নিয়মকানুন জানতাম না। প্রতিবেশীরা তাতে বাধা দেয়। বিএলএলআরও নোটিস দিয়ে সেই নির্মাণ ভাঙতে বলে। কিন্তু তার পাশেও আর একটা বাড়ি রয়েছে। তাই প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, যে পুকুর পাড়ের সেই নির্মাণটি তদন্ত করে দেখা হোক।’
চাপড়ার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক গোকুল মণ্ডল বলেন, ‘একটা অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ গ্রহণ করেছি আমরা। আমাদের অফিসাররা তার তদন্ত করতে সেখানে গিয়েছিলেন। পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই প্লটটি হল পুকুর পাড়। তবে সেখানে নতুন করে কোনও নির্মাণ হচ্ছে না। ওই প্লটের বাড়িটি অনেক পুরনো।’
সম্পর্কিত সংবাদ