Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোলার প্রজেক্ট বাতিল ও সেতুর দাবিতে প্রশাসনে নিতুড়িয়াবাসী

সোলার প্রজেক্ট বাতিল ও সেতুর দাবিতে প্রশাসনে নিতুড়িয়াবাসী
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া ব্লকের বাথানবাড়ি ঘাটের উপর স্থায়ী সেতু নির্মাণ করতে হবে। মৎস্যজীবীদের জীবন-জীবিকার কথা ভেবে পাঞ্চেত জলাধারের মহেশ নদের উপর প্রস্তাবিত ভাসমান সোলার প্রজেক্ট ডিভিসিকে বাতিল করতে হবে। বৃহস্পতিবার সেতু নির্মাণ ও মৎস্যজীবী জীবন-জীবিকা রক্ষা কমিটির তরফে রঘুনাথপুর মহকুমা শাসককে লিখিতভাবে এই দাবি জানানো হয়। যতদিন না পর্যন্ত সোলার প্রজেক্ট বাতিল করা হচ্ছে এবং সেতু নির্মাণের বিষয়ে সদুত্তর মিলছে, ততদিন আন্দোলন চলবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
Advertisement
রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ বলেন, বিষয়টি নিয়ে ডিভিসি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করবে। স্থানীয় প্রশাসন বিষয়টি দেখছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ডিভিসি কর্তৃপক্ষ পাঞ্চেত জলাধারের মহেশ নদের উপর ভাসমান সোলার প্রজেক্ট নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ, জলাধারের উপর সোলার প্রজেক্ট হলে নদীর দুই পাড়ের শতাধিক গ্রামের কয়েক হাজার মৎস্যজীবীর জীবন জীবিকা সঙ্কটের মুখে পড়বে। শুধু তাই নয়, রায়বাঁধ ও গুনিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫২টির বেশি গ্রাম ব্লক সদর, থানা সদর সহ অন্যান্য সরকারি দপ্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ওই দুই পঞ্চায়েত এলাকার মানুষ ব্লক এলাকার কাজের জন্য নৌকায় যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে প্রজেক্ট তৈরি হলে নৌকায় চলাচল বন্ধ হয়ে যাবে।
সংগঠনের সভাপতি রাজেন টুডু বলেন, ডিভিসি (রঘুনাথপুর তাপ বিদ্যুৎকেন্দ্র এবং পাঞ্চেত ড্যাম) দ্বারা এলাকার মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত। ডিভিসির সামাজিক উন্নয়নে যে দায়বদ্ধতা থাকার কথা তা লক্ষ্য করা যায় না।  তারা নিজেদের মুনাফা ছাড়া আর অন্য কিছু বোঝে না। সোলার প্রজেক্ট কোনওভাবেই করতে দেওয়া হবে না।বিষয়টি নিয়ে পাঞ্চেত প্রকল্পের জিএম সোনালি প্রসাদ বলেন, প্রজেক্টের বিষয়ে স্থানীয়রা যে আশঙ্কা করছে, তা কখনই হবে না।  প্রজেক্টের কাজ হলে মাছ ধরা ও নৌকা চলাচলে কোনও সমস্যা হবে না। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হবে।
সম্পর্কিত সংবাদ