সংবাদদাতা, ময়নাগুড়ি: ঘুমন্ত শিশুকন্যার গলায় দড়ির ফাঁস। ঘরে ঢুকতেই এমনটা দেখে চিৎকার করে সংজ্ঞা হারান মা। ময়নাগুড়ি ব্লকের শিঙিমারিতে ঘটনাটি গত মঙ্গলবার ঘটলেও বুধবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক বছরের ওই শিশুর মা কোকিলা রায়। পুলিস অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে। দিনের বেলায় এমন ঘটনা কীভাবে হল, তা নিয়ে হতবাক প্রতিবেশীরা। এদিনও দিনভর গ্রামে চলে এ নিয়ে চর্চা।
মঙ্গলবার সকালে কোকিলা তাঁর মেয়েকে ঘুম পাড়িয়ে পাশেই জা’র বাড়ি যান মেয়ের পোশাক আনতে। বাবা বিষ্ণুমোহন রায় কাজে গিয়েছিলেন। শিশুটি ঘরে একাই ছিল। দুই-তিন মিনিটের মধ্যেই বাড়ি ফিরে ঘরে ঢুকে কোকিলা দেখেন মেয়ের গলায় দড়ির ফাঁস। যা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান কোকিলা। পরে প্রতিবেশীরা মা ও মেয়েকে উদ্ধার করেন।
কোকিলা এদিন থানায় দাঁড়িয়ে বলেন, আমার মনে হয়, মেয়েকে কেউ প্রাণে মারার চেষ্টা করেছে। কারণ ওর গলায় দড়ির ফাঁস ছিল। ঈশ্বরের কৃপায় মেয়ে বেঁচে গিয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসন উপযুক্ত তদন্ত করুক।
শিশুর বাবা বলেন, কিছুতেই বুঝে উঠতে পারছি না এমন ঘটনা কীভাবে হল। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। পুলিস আসল ঘটনা খুঁজে বের করুক।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, শিশুর গলায় ফাঁস লাগানো ছিল এমন একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছি।