লখনউ, ২২ সেপ্টম্বর: উত্তরপ্রদেশে ছয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে এনকাউন্টার করে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার ভোরে বেররা গ্রামের কাছে পুলিশের সঙ্গে অভিযুক্তের গুলির লড়াই হয়। ঘটনায় অভিযুক্তের পায়ে গুলি লাগে। তার পর তাকে একটি স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অবধরাম ওরফে ভোলে শঙ্কর। সে সাদ্দুপুর মাহারিয়া এলাকার বাসিন্দা। সোমবার ছয় বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগ সামনে আসে। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার দুর্গেশ কুমার সিংয়ের তত্ত্বাবধানে মহমুদাবাদ সার্কেল অফিসার কপূর কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্তে নামে। আজ সকাল প্রায় ৬টা নাগাদ বেররা গ্রামের কাছে অভিযুক্তকে প্রথমে দেখতে পায় পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলা হয়। পুলিশের দাবি, সেই সময় অভিযুক্ত পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পালটা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ে আহত হওয়ার পর তাকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের সঙ্গে যুক্ত পুলিশকর্মীদের কাজের প্রশংসা করেছেন সীতাপুরের পুলিশ সুপার অঙ্কুর আগরওয়াল। তাঁদের জন্য ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।