পাটনা, ২৬ নভেম্বর: অমৃত ভারত এক্সপ্রেসে অবাককাণ্ড! দেশের অন্যতম অত্যাধুনিক ট্রেনে কিনা সফর করছে আস্ত লাশ! তাও আবার রিসার্ভেশন কোচে। গোটা বিষয়টি সামনে আসতেই আতঙ্কে আঁতকে ওঠেন যাত্রীরা। সমাজমাধ্যমে লাইভে এসে উদ্বেগ প্রকাশ করেন এক যাত্রী। অমৃত ভারতের ভিতরে দরজার পাশে মেঝেতে চাদর মোড়া অবস্থায় রাখা এক মৃতদেহ। এক যাত্রীর দাবি, রাত দু’টো নাগাদ পাটনা জংশন থেকে মৃতদেহ নিয়ে ২২৫৮৮ অমৃত ভারত এক্সপ্রেসে ওঠেন কয়েকজন। কিন্তু কীভাবে কেউ মৃতদেহ নিয়ে ট্রেনে উঠতে পারল? প্রশ্ন তোলেন যাত্রীরা। এক যাত্রীর অভিযোগ, টিটিই-র সঙ্গে টাকা-পয়সার লেনদেন হয়েছিল বলেই এটা সম্ভব হয়েছে।
ভিডিওতে রেলকর্মীদের সঙ্গে যাত্রীদের হালকা বচসাও দেখা যায়। যাত্রীদের দাবি, ‘কোনও অনুমতি ছাড়াই মৃতদেহ ট্রেনে তোলা হয়েছে। জেনারেল কোচ থেকে রাত তিনটে নাগাদ সংরক্ষিত বা রিসার্ভেশন কোচে নিয়ে আসা হয়েছে মৃতদেহটিকে।’ এই দৃশ্য দেখে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি করেন অন্য আরেক এক যাত্রী।
অনেক নেটিজেন রেলকর্মীদের ভূমিকা এবং যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিওতে এক রেলকর্মী নিজেকে ‘ক্যাপ্টেন’ বলে দাবি করে জানান, পাটনা থেকেই দেহটিকে ট্রেনে তোলা হয়। মৃতদেহের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরাও পাল্টা প্রশ্ন তোলেন। এক ব্যক্তি বলেন, ‘যদি কোনো মানুষের মৃত্যু হয়, তাঁকে কোথায় নিয়ে যাব? কী এমন ভুল কাজ করেছি আমরা?’ তিনি আরও দাবি করেন, ‘মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন। মুম্বই থেকে নিয়ে আসছিলাম, ট্রেনেই মারা গিয়েছেন।’ পাল্টা এক যাত্রী প্রশ্ন করেন, ‘এটা তো মুম্বইয়ের ট্রেন নয়।’ এই ঘটনায় রীতিমতো গোটা কামরায় চাঞ্চল্য ছড়ায়। তবে বহু নেটিজেন এই বিষয়ে সরব হয়ে, মানবিক হতেও বলেছেন। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘একটু তাঁদের মনের কথা ভাবুন, আপনিও তো মানুষ।’



