সংবাদদাতা, ডোমকল: মাথাপিছু ন’হাজার টাকা! তার বিনিময়ে দালালের সহযোগিতায় জলপথে ভারতে ঢুকে পড়েছিল একদল বাংলাদেশি। উদ্দেশ্য ছিল, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে যাওয়া। বিএসএফের নজর এড়িয়ে মুর্শিদাবাদ জেলার রানিনগরে ঢুকে পড়লেও অবশেষে পুলিসের অভিযানে ওই ছয় বাংলাদেশি ধরা পড়ল। সেইসঙ্গে এক ভারতীয় দালালও গ্রেপ্তার হয়েছে।
বুধবার রাতে রানিনগর থানার পুলিস সরন্দাজপুরের ইউসুফের বটলায় অভিযান চালিয়ে ওই ছয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম কেতাবুর, কামালউদ্দিন, কালিমুদ্দিন, মহম্মদ সেলিম, মহম্মদ জুয়েল রানা ও মহম্মদ আবদুল্লা। তাদের মধ্যে প্রথম তিনজন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। আবদুল্লা ও জুয়েলের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ আর সেলিম ফেনী জেলার বাসিন্দা। ধৃত ভারতীয় দালাল রাধাগোবিন্দপুরের আরসাইল শেখ। বুধবার রাতে পুলিস গোপন সূত্রে জানতে পারে, ইউসুফের বটলায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তির আনাগোনা লক্ষ করা যাচ্ছে। সম্ভবত তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। খবর পেয়েই পুলিস অভিযান চালিয়ে ওই সাতজনকে ঘিরে ফেলে। পুলিস ভারতীয় পরিচয়পত্র দেখতে চাইলে একজন ছাড়া কেউ তা দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ওই ছ’জন নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করে নেয়। তারা জানায়, ভারতে ঢোকার জন্য তাদের সঙ্গে থাকা দালালকে মাথাপিছু ন’হাজার টাকা করে দিতে হয়েছিল। সেই দালালের সাহায্যেই তারা বিএসএফের নজর এড়িয়ে নৌকায় ভারতে ঢুকে পড়ে। এরপরই ওই ভারতীয় দালাল ও ছয় বাংলাদেশিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। পরে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃত অনুপ্রবেশকারীরা দক্ষিণ ভারতে শ্রমিকের কাজে যাওয়ার জন্য বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল। তবে এই ঘটনার সঙ্গে ধৃত দালাল ছাড়া আরও কেউ জড়িত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছে পুলিস।
রঘুনাথগঞ্জে ধৃত বাংলাদেশি: রঘুনাথগঞ্জে বিএসএফ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে। ধৃতের নাম মহম্মদ বেনজিত শেখ। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। বুধবার রঘুনাথগঞ্জের পাতলাটোলা দিয়ে চোরাপথে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের ১১৫নম্বর ব্যাটেলিয়নের বাহুড়া ক্যাম্পের জওয়ানরা দাকে আটক করে। বুধবার রাতে তাকে রঘুনাথগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিস ধৃত বাংলাদেশির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করেছিল-তা পুলিস তদন্ত করে দেখছে।