Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল: নয়া হাইব্রিড সিসিইউ ওয়ার্ড উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নয়া হাইব্রিড সিসিইউ ইউনিট চালু হতে চলেছে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল: নয়া হাইব্রিড সিসিইউ ওয়ার্ড উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নয়া হাইব্রিড সিসিইউ ইউনিট চালু হতে চলেছে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৮ জুলাইয়ের জেলা সফরেই মুখ্যমন্ত্রী ওই ইউনিটের উদ্বোধন করবেন। তাই একপ্রকার যুদ্ধকালীন তৎপরতায় শেষ পর্যায়ের নির্মাণকাজ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজ আজ, বৃহস্পতিবারের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা শুভব্রত ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন হাইব্রিড সিসিইউ ইউনিটের উদ্বোধন হবে। শেষ পর্যায়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরদিন থেকেই নয়া ইউনিটটি কার্যকর করা হবে। পাশাপাশি, পুরনো ইউনিটটিও কার্যকর থাকবে। তিনি আরও বলেন, আসন্ন জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে বীরভূমের একাধিক হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারেরও উদ্বোধন হবে।

Advertisement

সিউড়ি মহকুমার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু রোগী ওই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। বহুক্ষেত্রেই হাইব্রিড সিসিইউয়ের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে থাকা আটটি বেডের হাইব্রিড সিসিইউ ইউনিটটি রোগীদের চাপ সামাল দিতে পারছে না। অনেক ক্ষেত্রেই রোগীদের বর্ধমানে রেফার করার ঘটনাও বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। সমস্যার সমাধানে বেড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ছাড়পত্র মিলতেই সুপার স্পেশালিটির বহুতল ভবনে নতুন করে হাইব্রিড সিসিইউ ইউনিট গড়ে তোলার কাজ শুরু হয়। সেইমতো মাস দু’য়েক আগে নির্মাণকাজ শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নয়া ইউনিটে মোট ২৪টি বেড থাকবে। তারমধ্যে ১২টি বেডে ভেন্টিলেশনের বন্দোবস্ত থাকবে। বাকি ১২টি বেড নন-ভেন্টিলেশন হিসেবে থাকবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নয়া হাইব্রিড সিসিইউ পরিচালনার জন্য আটজন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, নির্দিষ্ট ইউনিটের দায়িত্বে থাকবেন মোট ১২জন নার্সিং স্টাফ। হাউজ কিপিং সহ সাফাইয়ের জন্য মোট সাতজন কর্মী থাকবেন। যদিও, এই নয়া ইউনিটের জন্য পৃথকভাবে কোনও টেকনিশিয়ান থাকছেন না। পুরনো ইউনিটের দায়িত্বপ্রাপ্ত দুই টেকনিশিয়ানই এটি পরিচালনা করবেন। তবে, ২৪ বেডের নতুন হাইব্রিড সিসিইউ চালু হলেও পুরনো বিল্ডিংয়ের ইউনিটটিও সমান্তরালভাবেই কার্যকর থাকবে। স্বাভাবিকভাবেই হাসপাতালের হাইব্রিড সিসিইউয়ের বেড সংখ্যা ৮ থেকে বেড়ে ৩২ হতে চলেছে। ফলত রেফার সমস্যা থেকে অনেকটাই অব্যাহতি মিলবে বলেই দাবি চিকিৎসকদের।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন সফরে মুখ্যমন্ত্রী ইলামবাজারের নবনির্মিত সেতু উদ্বোধন করবেন। নতুন সেতুটি হয়ে অজয় নদ পেরিয়ে পূর্ব বর্ধমানের সঙ্গে জেলার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে উঠবে। তবে শুধু এই একটি সেতুই নয়, আরও একাধিক নয়া প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ