Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে ট্রাক্টর ও টোটোর সংঘর্ষে মৃত ১জন, জখম ৫

ট্রাক্টর ও টোটোর সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় টোটো ও ট্রাক্টরচালক সহ পাঁচজন জখম হয়েছেন

সিউড়িতে ট্রাক্টর ও টোটোর সংঘর্ষে মৃত ১জন, জখম ৫
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ট্রাক্টর ও টোটোর সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় টোটো ও ট্রাক্টরচালক সহ পাঁচজন জখম হয়েছেন। টোটো চালকের শারীরিক অবস্থা সঙ্কটজনক। সোমবার দুপুরে দুর্গপুর মোড় এলাকার সিউড়ি-সাঁইথিয়া রোডের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম রেবিনা বিবি(৩৫)। তিনি সিউড়ি শহর লাগোয়া কুখুড্ডির বাসিন্দা। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে, দুর্ঘটনায় জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জখমদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনায় সিউড়ি থানার পুলিস তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এই ঘটনায় বেপরোয়া ও অসচেতন টোটো চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বহু টোটোচালক মাঝেমধ্যেই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এদিন দুর্ঘটনার কবলে পড়া টোটোতেও চারজনের বেশি যাত্রী তোলার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিউড়ি থেকে প্রায় সাতজন যাত্রী নিয়ে চালক জাহিরুদ্দিন মল্লিক ছোট আলুন্দার দিকে রওনা হয়েছিলেন। দুর্গপুর মোড় এলাকায় পৌঁছতেই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের জেরে টোটোর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে, দুর্ঘটনার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক্টর রাস্তার পাশে মাঠে নেমে যায়। দুর্ঘটনার জেরে টোটো ও ট্রাক্টরের চালকরা জখম হন। সেইসঙ্গে আরও তিনজন যাত্রীও জখম হয়েছেন। মৃত্যু হয়েছে এক যাত্রীর। ঘটনায় অভিযোগ উঠছে মাত্রাতিরিক্ত যাত্রী তোলার জেরে টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল। যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। 

Advertisement

জখম ট্রাক্টরচালক বাপি শেখ বলেন, গলিপথ ছেড়ে ট্রাক্টরের ইঞ্জিন প্রধান রাস্তার উপড়ে উঠে পড়েছিল। খানিকটা এগোনোর পর টোটোটি আচমকাই ডালায় ধাক্কা মারে। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ট্রাক্টর নেমে যায়। আমিও খানিকটা চোট পেয়েছি। যদিও জখম টোটো যাত্রী মোমোনা বিবির মেয়ে মারিয়াম খাতুন বলেন, টোটো সোজা পথেই যাচ্ছিল। তবে ট্রাক্টরটি টোটোতে ধাক্কা মেরেছে। ঘটনায় আমার মা সহ অনেকেই জখম হয়েছেন। একজন মারা গিয়েছেন। 
টোটোতে অতিরিক্ত যাত্রী তোলা যে বিপদের তা মেনে নিচ্ছেন সিউড়ি শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম। তিনি বলেন, বারংবার টোটোচালকদের আমরা সচেতন করছি। তারপরও মাঝেমধ্যেই অতিরিক্ত লাভের আশায় বহু টোটোতেই বেশি সংখ্যায় যাত্রী তোলা হচ্ছে। এবার আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করব। কোনও চালক নিয়ম ভেঙে টোটোয় বেশি যাত্রী তুললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ