Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি পুরসভার বকেয়া কর এক কোটিরও বেশি, কড়া পদক্ষেপের ভাবনা

পুরকর আদায় করতে গিয়ে কালঘাম ছুটছে সিউড়ি পুরসভার। বকেয়া পুরকর আদায় করতে পুর কর্তৃপক্ষ সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছিল।

সিউড়ি পুরসভার বকেয়া কর এক কোটিরও বেশি, কড়া পদক্ষেপের ভাবনা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পুরকর আদায় করতে গিয়ে কালঘাম ছুটছে সিউড়ি পুরসভার। বকেয়া পুরকর আদায় করতে পুর কর্তৃপক্ষ সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছিল। পুরকর্মীরা কর আদায় করতে বাড়ি বাড়ি পৌঁছেও গিয়েছিলেন। তবে পুরসভার অনুনয় বিনয়ে শহরবাসী খুব একটা সাড়া দেয়নি বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই পুজোর আবহে পুরসভার ভাঁড়ে মা ভবানী অবস্থা। শরতেও চোখে সরষে ফুল দেখছে তারা। এই পরিস্থিতিতে বকেয়া কর আদায়ে নয়া পদক্ষেপের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পুরসভার দাবি, দীপাবলির পরেই কর আদায়ের লক্ষ্যে স্পেশাল ড্রাইভ শুরু করা হবে। বকেয়া করের তালিকা মিলিয়ে নাগরিকদের চিহ্নিত করে নোটিশও পাঠানো হবে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, বকেয়া কর আদায়ে আমাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। ছাড় ঘোষণা করার পরও খুব একটা লাভ হল না। সামান্য কিছু কর আদায় হলেও অধিকাংশই বকেয়া রয়ে গিয়েছে। তাই সিদ্ধান্ত হয়েছে, দীপাবলির পর স্পেশাল ড্রাইভ দেওয়া হবে। নোটিশ পাঠানোর পাশাপাশি পুরকর্মীরা বাড়ি বাড়ি যাবেন। এরপরও মানুষ অনীহা দেখালে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট উপভোক্তা একাধিক পুর পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। 

Advertisement

পুর এলাকায় মোট ২১টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের জন্য অর্থ প্রয়োজন। কিন্তু পুরকর না মেলায় সেসব কাজ করা যাচ্ছে না। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২১টি ওয়ার্ড মিলিয়ে মোট বকেয়া করের পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। কর্তৃপক্ষের দাবি, সমস্যা সমাধানে মাস কয়েক আগে ছাড় ঘোষণা করা হয়েছিল। বকেয়া করের পরিমাণ অনুসারে ১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। 
পুর কর্তৃপক্ষ জানিয়েছে, দীপাবলির পর শুরু হতে চলা স্পেশাল ড্রাইভে নাগরিকরা সাড়া না দিলে এবার কড়া পদক্ষেপ করা হবে। নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। সেই তালিকায় পানীয় জল থেকে শুরু করে সাফাই সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা থাকতে পারে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ