সংবাদদাতা, সিউড়ি: অম্রুত ২ প্রকল্পের আওতায় সিউড়ি শহরে একাধিক জায়গায় জলের পাইপ লাইন বসানো চলছে। তার জন্য রাস্তায় খোড়াখুড়ি হয়েছে। এদিকে পুজোর আগে শহরের সেই সমস্ত রাস্তা মেরামতের দাবি তুলেছে এলাকাবাসী। এই পরিপ্রেক্ষিতে পুর কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ভবিষ্যতের কথা ভেবে কষ্ট সহ্য করার অনুরোধ করেছে। সিউড়ি শহরে পানীয় জলের অভাব দীর্ঘদিনের সমস্যা। বিধানসভা ভোটের আগেই বাড়ি বাড়ি পানীয় জল পৌছনোর লক্ষ্য নিয়েছে পুরসভা। দ্রুততার সঙ্গে চলছে সেই কাজ। ইতিমধ্যে জলের পাইপ বসানোর কাজ প্রায় ৬০ শতাংশ হয়েছে বলে দাবি পুরসভার। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিউড়ির সমন্বয়পল্লি এলাকায় অম্রুত ২ প্রকল্পের পাইপ বসানোর জন্য রাস্তার একপাশ খোড়া হয়েছিল। পাইপ বসানোর পর সেই রাস্তা আর মেরামত করা হয়নি। এই চিত্র শহরের একাধিক জায়াগায়। বাসিন্দারা রাস্তাগুলি মেরামতের দাবি তুলেছেন। সুমন দাস, মুকেশ দে বলেন, এই রাস্তাগুলি মেরামত করে দিলে ভালো হয়। একপাশ নষ্ট হয়ে গিয়েছে। বৃষ্টি হলে ওই জায়গা কাদা হয়ে যাচ্ছে। যাতায়াত করতে সমস্যা হচ্ছে। শহরবাসীর দাবি, পুজোর আগে শহরের রাস্তা সংস্কার করা হোক। অন্যদিকে পুর কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই ওই রাস্তা মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে। কিন্তু এখনই সেই কাজ করা সম্ভব না। কারণ আগে সম্পূর্ণভাবে পাইপ লাইন বসানো হবে। তারপর পরীক্ষামূলক ভাবে জল ছেড়ে দেখা হবে। সব ঠিক থাকলে তারপরেই রাস্তা সংস্কার হবে। যদি দেখা যায় পাইপ লাইনে কোনও সমস্যা আছে, তখন আবারও লাইনের কাজ করতে হবে। ফের রাস্তা খুড়তে হবে। তাই কাজ শেষ না হলে রাস্তা মেরামত করা ঠিক হবে না। যেহেতু ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাই মানুষকে এই ক’টা মাস কষ্ট করতে হবে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, সামনে পুজো তাই আমরা মুল রাস্তায় পাইপ লাইনের কাজ করছি না। কারণ কাজ করতে গেলেই রাস্তা খুড়তে হবে। যা কাজ হচ্ছে সব পাড়ার ভিতরে। এটা একটা বড় প্রজেক্ট। কাজ শেষ হলে শহরের জলের সমস্যা একশো শতাংশ মিটে যাবে। তাই আমি মানুষের কাছে অনুরোধ করব, কয়েকটা মাস কষ্ট সহ্য করতে।