নয়াদিল্লি: উচ্চ আদালতের ‘জাল’ নির্দেশ দেখিয়ে কীভাবে বন্ধ করা হল ১২৯টি ওয়েবসাইট? এই প্রশ্নের জবাব পেতে তদন্ত শুরু করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর। শনিবার কেন্দ্রের টেলিকমিউনিকেশন দপ্তরের সচিব অমিত আগরওয়ালকে তলব করে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে পিএমওর তরফে। সম্প্রতি একটি সংবাদ সংস্থার খবরে সামনে আসে, কেন্দ্রীয় সরকারের তরফে গত ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর ১২৯টি বেটিং সংক্রান্ত ওয়েবসাইট ব্লকের নির্দেশ এসেছিল। সেই নোটিসে যুক্ত করা হয় এলাহাবাদ ও রাজস্থান হাইকোর্টের রায়ের কপি। কিন্তু দেখা যায়, বাস্তবে সেই ‘রায়’ বা ‘নির্দেশ’গুলির কোনো অস্তিত্ব নেই। ওই ওয়েবসাইটগুলি বেটিংয়ে অভিযুক্ত হলেও, সেগুলিকে ব্লক করার এহেন পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে। ওয়াকিবহাল মহলের মতে, ভারতে কোনো অনলাইন কনটেন্ট সরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে সুরক্ষার অভাব রয়েছে, তা এই ঘটনায় স্পষ্ট। আদালতের নির্দেশ ‘জাল’ করে বৈধ ওয়েবসাইটগুলিকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে। কেন্দ্র যে বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না, তা এবার স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপেই স্পষ্ট। কেন্দ্রের দুই আধিকারিক জানিয়েছেন, টেলিকম সচিব অমিত আগরওয়াল দিল্লিতে ছিলেন না। শনিবারই তাঁকে রাজধানীতে ফিরে জবাবদিহি করতে বলা হয়। ইতিমধ্যেই প্রতারণার অভিযোগে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কেন্দ্রের আর এক আধিকারিক জানিয়েছেন, টেলিকম অপারেটর থেকে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা—সব বিষয়েই নজরদারি চালানোর দায়িত্বে রয়েছেন অমিত। বেটিং ওয়েবসাইটগুলির বিরুদ্ধে টেলিকমিউনিকেশন দপ্তর যে পদক্ষেপ করেছে, তা ফিল্ড অফিসারদের মাধ্যমে কার্যকর করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে টেলিকম সচিব, মন্ত্রক বা প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে কোনো মন্তব্য করা হয়নি। তাত্পর্যপূর্ণ বিষয় হল, সরকারি ওয়েবসাইট থেকে একটি ‘জাল’ নির্দেশ মুছে ফেলা হলেও শনিবার পর্যন্ত অন্য ‘ভুয়ো’ কোর্ট অর্ডারটি রয়ে গিয়েছে। রাজস্থান হাইকোর্টের রেজিস্ট্রার ইতিমধ্যেই জানিয়েছেন, ই-মেইলে থাকা নথিতে যে রায়ের কথা উল্লেখ করা হয়েছে, তা উচ্চ আদালতের সার্ভারে নেই। এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকেও জানানো হয়েছে, ১৪ আগস্টের যে রায়ের কথা উল্লেখ করা হয়েছে, তা ভুয়ো।



