Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোনদের পছন্দ ‘ডিজিটাল প্রিন্ট’ রাখি, গৌড়বঙ্গে ব্যবসা তুঙ্গে, হাসি ফুটেছে ব্যবসায়ীদের

রাখি উৎসবের বাজার জমে উঠেছে গৌড়বঙ্গে। চিরাচরিত ঘরানার রাখির পাশাপাশি বাজারে এসেছে নিজেদের ইচ্ছামতো বানিয়ে নেওয়ার সুযোগও। তবে দামও চড়া।

বোনদের পছন্দ ‘ডিজিটাল প্রিন্ট’ রাখি, গৌড়বঙ্গে ব্যবসা তুঙ্গে, হাসি ফুটেছে ব্যবসায়ীদের
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: রাখি উৎসবের বাজার জমে উঠেছে গৌড়বঙ্গে। চিরাচরিত ঘরানার রাখির পাশাপাশি বাজারে এসেছে নিজেদের ইচ্ছামতো বানিয়ে নেওয়ার সুযোগও। তবে দামও চড়া। ১০ টাকার নীচে মিলছে না সাধারণ রাখি। বেশি খরচ করলে মিলবে হরেক ডিজাইনের রাখি। ভাইদের হাতে রাখি বাঁধতে খরচের ক্ষেত্রে কার্পণ্য নেই বোনেদের। তাই রাখি বন্ধনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা।

Advertisement

মালদহে এবার বাজারে এসেছে ক্রেতার ইচ্ছে অনুযায়ী ছবি বসিয়ে রাখি বানিয়ে নেওয়ার সুযোগ। দোকানে গিয়ে বলতে হচ্ছে রাখির মাঝখানে কার ছবি দেখতে চান ক্রেতা। ভাইয়ের ছবি সহ রাখি বানিয়ে দেওয়ার আবদার করছেন অনেক বোন। কয়েক মিনিটে ছবির ডিজিটাল প্রিন্ট করে পছন্দের ছবি বসিয়ে ক্রেতার হাতে তুলে দেওয়া হচ্ছে। খরচ করতে হচ্ছে কমপক্ষে ৭৫ টাকা।
মালদহের বাজারে দেখা মিলেছে ঘড়ি রাখিরও। হাতে পড়তেই ঝলমল করে উঠছে অনেকটা হাতঘড়ির আদলে তৈরি রাখির আলো। এই রাখি কিনতে দিতে হচ্ছে অন্তত ১০০ টাকা। এছাড়াও পুঁতি, ফুল দিয়ে ডিজাইন করা রাখিও মিলছে ইংলিশবাজারের বিভিন্ন দোকানে। একেকটি এমন রাখি কিনতে খরচ করতে হচ্ছে প্রায় তিনশো টাকা।
জমে উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইসলামপুর সহ অন্যান্য বাজারও।  রকমারি রঙের কাপড়ের ফুল, স্টোন দিয়ে তৈরি রাখির বিক্রি তুঙ্গে। গিফটের দোকানগুলিতেও ভিড় জমছে ভাইবোনদের। অনেকে অর্ডার দিয়ে তৈরি করাচ্ছেন ধান-কড়ি, সুতো, কটন বল দিয়ে তৈরি নানা রাখি। সঙ্গে সুতি কাপড়ের পমপম, কার্ড বোর্ড, ডলি সুতো, স্টিলের বল, ফেব্রিক কালার, ঝুমকা, আঠা দিয়ে তৈরি রাখির বাজারও বেশ ভালো।
রায়গঞ্জ শহরের স্কুল রোডের এক রাখি বিক্রেতা বলেন, এবার স্টোন দিয়ে তৈরি সূক্ষ্ম কাজ করা, কাপড়ের ফুল দিয়ে তৈরি রাখির চাহিদা বেশি। ১০ থেকে একশো টাকা পর্যন্ত দামের রাখি আমাদের স্টকে আছে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বিভিন্ন দোকানে বেড়েছে রাখি বিক্রি। শহরের বাসস্ট্যান্ড, বড়বাজার, ডানলপ মোড়, বিশ্বাসপাড়া সহ বিভিন্ন বাজার এলাকায় দোকান বসেছে। বিক্রেতারা জানিয়েছে, শহরে রাখির ভালো চাহিদা রয়েছে।
বাজারে দু’টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত দামের রাখি পাওয়া যাচ্ছে। ফুল, তুলো, বাঁশ দিয়ে তৈরি গণেশ ও শিবের ছবিযুক্ত রাখিও এনেছেন বিক্রেতারা। বাজারে আসা যুবতী অঙ্কিতা কুন্ডু বলেন, দাদা ভিনরাজ্যে থাকে। ক্যুরিয়ারের মাধ্যমে এবার রাখি পাঠাব।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ