মুম্বই: কালো টি-শার্ট। তার উপর সাদা-কালো জ্যাকেট। চোখে সানগ্লাস। মোবাইলে কথা বলতে বলতে মুম্বই বিমানবন্দর থেকে বেরচ্ছেন মহম্মদ সিরাজ। নিমেষে মিয়াঁকে ঘিরে ধরলেন অনুরাগীরা। কেউ সেলফির আবদার করছেন, তো কেউ অটোগ্রাফের। ইংল্যান্ড থেকে দেশে পা রেখে সমর্থকদের ভালোবাসায় অভিভূত তারকা ক্রিকেটার। অবশ্য মহম্মদ সিরাজের এমন অভিবাদনই প্রাপ্য ছিল। অতীতে যশপ্রীত বুমরাহর ছায়ায় তেমন প্রচার পাননি। তবে সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দিয়েছেন সিরাজই। বুমরাহর অনুপস্থিতিতে শেষ টেস্টে জ্বলে উঠে সিরিজ ড্র করেছেন। শুধু তাই নয়, সিরিজের সর্বাধিক উইকেট সংগ্রাহকও হায়দরাবাদের এই পেসার। তাঁর শিকার ২৩টি উইকেট। সেই সুবাদে আইসিসি’র টেস্ট র্যাঙ্কিংয়েও উন্নতি ঘটল তাঁর। ১২ ধাপ এগিয়ে তালিকায় এখন ১৫ নম্বরে সিরাজ। ঝুলিতে ৬৭৪ রেটিং পয়েন্ট, যা তাঁর কেরিয়ারের সেরা। সিরিজের সব ম্যাচে না খেললেও তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বুমরাহ (৮৮৯)।
শুধু পরিসংখ্যান দিয়ে সিরাজের কৃতিত্ব দেখলে হবে না। পাঁচ ম্যাচের লম্বা সিরিজে দু’দলেরই একাধিক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গিয়েছেন। কিন্তু সিরাজ সবক’টি ম্যাচই খেলেছেন। মোট ১৮৫.৩ ওভার বল করেছেন সিরাজ। প্রচণ্ড ধকল সামলেও তাঁকে ক্লান্ত দেখায়নি। ওভালে তাঁর শেষ ডেলিভারিটি ছিল ঘণ্টায় ১৪৩ কিমি গতির। সিরাজ বলছিলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে গর্বের। তাই ওয়ার্কলোড নিয়ে মাথা ঘামাই না। দলকে জেতানোই প্রধান লক্ষ্য ছিল।’ এদিকে, পঞ্চম টেস্টে দুরন্ত শতরান হাঁকানোর পুরস্কার পেয়েছেন যশস্বী জয়সওয়ালও। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে পাঁচ নম্বরে রয়েছেন তিনি। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৭৯২। ঋষভ পন্থ চোটের কারণে শেষ টেস্ট খেলতে পারেননি। তাই এক ধাপ নেমে অষ্টম স্থানে তারকা উইকেটরক্ষক।
এদিকে, সিরাজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বিরাট কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘সিরাজ, তুমি অসাধারণ। ক্রিকেট প্রবল অনিশ্চয়তার খেলা। তবে তোমার মতো ক্রিকেটার দলে থাকায় কাউকে আশাহত হতে হয়নি। ওভালে তোমার ইতিবাচক পারফরম্যান্স সকলকে উদ্বুদ্ধ করবে।’ উল্লেখ্য, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিরাজকে সংবর্ধিত করার পরিকল্পনা রয়েছে। এই প্রসঙ্গে এক কর্তা সংবাদসংস্থাকে জানান, ‘সিরাজ এখন বেশ কিছুদিন শহরে থাকবে। আমরা সেই সময়ই ওকে সংবর্ধনা দেব। তবে তার রূপরেখা এখনও চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে অনুষ্ঠানের।’