Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নল্লি গোস্ত বিরিয়ানি আর পায়া প্রিয় খাদ্য সিরাজের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৮৫.৩ ওভার বল করেছেন মহম্মদ সিরাজ। খেলেছেন পাঁচটি টেস্টেই। দু’দলের আর কোনও বোলার এত ওভার করেননি।

নল্লি গোস্ত বিরিয়ানি আর পায়া প্রিয় খাদ্য সিরাজের
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৮৫.৩ ওভার বল করেছেন মহম্মদ সিরাজ। খেলেছেন পাঁচটি টেস্টেই। দু’দলের আর কোনও বোলার এত ওভার করেননি। এমনকী, ভারতের নাটকীয়ভাবে সিরিজ ড্র রাখার মুহূর্ত আসে সিরাজের দুরন্ত ইয়র্কারেই। স্বাভাবিকভাবেই লম্বা সিরিজ জুড়ে তাঁর একইরকম উদ্যমী থাকার কারণ নিয়ে চলছে চর্চা। আর সেটাই ফাঁস করেছেন মহম্মদ আজহারউদ্দিন। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, দুটো মোগলাই খানাই সিরাজের অক্লান্ত থাকার নেপথ্যে কারণ।

Advertisement

আজহার বলেছেন, ‘অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে অসাধারণ বল করেছে সিরাজ। এর নেপথ্যে রয়েছে নল্লি গোস্ত বিরিয়ানি এবং পায়া। এই দুটোই ওর প্রিয় খাদ্য। এই পদদু’টি খেয়ে ওর শরীর শক্তিশালী হয়েছে। বিশেষ করে পায়ের শক্তি বেড়েছে। মাঠে ওকে প্রাণবন্ত দেখায়। সবসময় নিজেকে উজাড় করে দিতে তৈরি থাকে। সিরিজ জুড়েই ক্ষুধার্ত দেখিয়েছে সিরাজকে। দুটো টেস্টেই ভারতের জয়ে অবদান রেখেছে ও।’
বিশেষ করে ওভাল টেস্টে সিরাজের ম্যাচ জেতানো স্পেল মুগ্ধ করেছে আজহারকে। প্রাক্তন জাতীয় অধিনায়কের কথায়, ‘ওভালে পঞ্চম দিনের সকালে ওর স্পেলটা অবিশ্বাস্য। যশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ও দায়িত্ব নিয়েছিল। এটা প্রশংসার যোগ্য। ইংল্যান্ডের ব্যাটারদের আগাগোড়া ও পরীক্ষা নিয়েছে। বল করেছে তাগিদের সঙ্গে। কোনও সন্দেহ নেই, ভারতীয় ক্রিকেটের ও হল নতুন সুপারস্টার।’ উল্লেখ্য, ওভাল টেস্টের পঞ্চম দিন সকালে বিধ্বংসী স্পেলে বিপক্ষের তিন উইকেট নেন সিরাজ। তার সুবাদেই পাঁচ টেস্টের সিরিজ ২-২ ড্র করে টিম ইন্ডিয়া।
তবে সিরাজের প্রশংসায় উচ্ছ্বসিত হলেও ওয়ার্কলোড ইস্যুতে বুমরাহর সমালোচনা করেছেন আজু। এজবাস্টন টেস্ট এবং ওভাল টেস্ট  খেলেননি ‘বুমবুম’। সেটাই মানতে পারছেন না তিনি। আজহার বলেছেন, ‘যদি চোট থাকে তবে তা নিয়ে বোর্ড ও সংশ্লিষ্ট ক্রিকেটার সিদ্ধান্ত নেয়। কিন্তু একবার যদি কোনও ক্রিকেটার স্কোয়াডে থাকে, তখন আর বেছে বেছে খেলা যায় না। এই পর্যায়ে ওয়ার্কলোডকে ম্যানেজ করতে হয়। কারণ, প্রত্যেকে দেশের প্রতিনিধিত্ব করছে। প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশদীপের সঙ্গে সিরাজ অনবদ্য বল করায় বুমরাহর অভাব অনুভূত হয়নি। আমাদের সৌভাগ্য যে বুমরাহকে ছাড়াই জিততে পেরেছি। কিন্তু যদি কোনও বিশেষ পরিস্থিতিতে ওকে দরকার পড়ত, তখন কী হতো?’
সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ভারত অধিনায়ক শুভমান গিলের ব্যাটে এসেছে ৭৫৪ রান। পাশাপাশি, ক্যাপ্টেন হিসেবেও ছাপ রেখেছেন তিনি। আজহার বলেছেন, ‘নতুন ক্যাপ্টেন গিল কী করবে, তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু তরুণ দল নিয়েই বাজিমাত করেছে ও। ব্যাটাররা নিজেদের দায়িত্ব ভালো ভাবে পালন করেছে। শুভমান ছাড়াও লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা ভরসা জুগিয়েছে। ক্যাপ্টেন হিসেবে গিলের শুরুটা তাই আকর্ষণীয় হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ