Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরে নাম বাদ: রঘুনাথগঞ্জে আজ থেকে আইনি শিবির তৃণমূলের

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কোমর বেঁধে নামছে শাসক দল। রঘুনাথগঞ্জ-২ ব্লকের প্রতিটি অঞ্চলে বিশেষ আইনি সহায়তা শিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআইআরে নাম বাদ: রঘুনাথগঞ্জে আজ থেকে আইনি শিবির তৃণমূলের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কোমর বেঁধে নামছে শাসক দল। রঘুনাথগঞ্জ-২ ব্লকের প্রতিটি অঞ্চলে বিশেষ আইনি সহায়তা শিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বড়োসড়ো পদক্ষেপের কথা ঘোষণা করেন রাজ্যের বিদায়ী বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। কেবল শিবির করাই নয়, আইনি লড়াইয়ে বাতিল ভোটারদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিতে ১৪ জন অভিজ্ঞ আইনজীবীর একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। নজরকাড়া বিষয় হল, এই আইনি লড়াইয়ে দলের হয়ে পেশায় আইনজীবী মন্ত্রী আখরুজ্জামান নিজেও আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন। আজ, বৃহস্পতিবার থেকেই রঘুনাথগঞ্জের বিভিন্ন প্রান্তে এই শিবিরের কাজ পুরোদমে শুরু হতে চলেছে।

Advertisement

এদিন মন্ত্রী স্পষ্ট করে দেন, তালিকায় নাম না থাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করা তাঁদের লক্ষ্য। তিনি বলেন, বিজেপিকে খুশি করতেই নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করছে। গরিব মানুষ যাতে আইনি জটিলতায় না পড়ে, তার জন্য আমাদের এই উদ্যোগ। প্রতিটি অঞ্চলে গিয়ে আমাদের আইনজীবীরা নথিপত্র পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবেন। আইনজীবী রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করছে। বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চাই প্রত্যেক বৈধ ভোটার যেন ভোটদানের অধিকার পাক।
তৃণমূল শিবিরের এই তৎপরতাকে রাজনৈতিক মহলের একাংশ আসন্ন নির্বাচনের আগে ঘর গোছানোর কৌশল হিসেবে দেখলেও, সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

সম্পর্কিত সংবাদ