নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১১ নভেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে সভা করতে চলেছে তৃণমূলের লিগ্যাল সেল। আইনজীবীরা ওই সভায় উপস্থিত হয়ে এসআইআর কেন্দ্রিক আইনি বিষয়গুলি তুলে ধরবেন। এছাড়া ১১ থেকে ২০ নভেম্বর জেলায় জেলায় কর্মসূচি নিয়েছে তৃণমূলের লিগ্যাল সেল। জেলাতেও সভার মধ্যে দিয়ে আইনজীবীরা বিস্তারিতভাবে ব্যাখ্যা দেবেন—এসআইআর কী, কেন এবং কোনও ধরনের এসআইআর কেন্দ্রিক সমস্যায় সাধাণ মানুষ পড়লে আইনি পথ কী রয়েছে। তৃণমূলের আইন সংক্রান্ত সেলের প্রধান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সভার মধ্য দিয়ে বাংলার মানুষকে এসআইআর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন আইনজীবীরা। আইনি দিকগুলি বুঝিয়ে বলা হবে। আর প্রকৃত কোনও ভোটারের নাম বাদ গেলে আইনি পথ কী রয়েছে, সেটাও জানানো হবে। আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করছি, বিজেপির কথায় কেউ বিভ্রান্ত হবেন না। বিজেপির কোনও প্ররোচনায় পা দেবেন না। আমাদের ভোটাধিকার রক্ষার স্বার্থে তৃণমূল সর্বতোভাবে পাশে আছে।



