সংবাদদাতা, জঙ্গিপুর: বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে হাঁকডাক ছিল বিস্তর। কিন্তু, দিনশেষে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্কে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সভায় ধরা পড়ল এক বিবর্ণ ছবি। বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, সভাস্থল জনশূন্য। খাঁ খাঁ প্রান্তর। মাঠের মধ্যে সার সার সাজানো চেয়ারে বসার লোক নেই। যদিও সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি নেত্রী মাফুজা খাতুন ও সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুবলচন্দ্র ঘোষ। এদিনের সভা মঞ্চ থেকে বাংলার সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক হাত নেন বিজেপি নেতারা। যদিও বিজেপির সমালোচনাকে হেলায় উড়িয়ে দিয়েছে বঙ্গের শাসক দল। এই পরিবর্তন যাত্রায় বিজেপির কোনো ফায়দা হবে না বলে মন্তব্য তৃণমূল কংগ্রেসের।
জেলা বিজেপির সভাপতি বলেন, সকালে সভার শুরুতে ভালোই কর্মী-সমর্থক ছিল। সভার সময় ও আবহাওয়া অনুকূল না হওয়ায় সমর্থকরা আশেপাশেই ছিল। এদিন পরিবর্তন যাত্রার সূচনায় ম্যাকেঞ্জিপার্কে জনসভার আয়োজন করেছিল পদ্মশিবির। কিন্তু, সময় যত গড়িয়েছে, গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ তত চওড়া হয়েছে। অধিকাংশ চেয়ারই খালি পড়ে থাকতে দেখা যায়। শুধু সভাস্থলই নয়, যাত্রার জন্য আসা বাস ও ছোট গাড়িগুলিতেও কর্মী-সমর্থক ছিল না। কোনও গাড়িতে সাকুল্যে একজন, কোথাও বা হাতে গোনা দু-তিনজন সমর্থক বসেছিল।
যদিও বিজেপির জেলা নেতৃত্বের দাবি, কড়া রোদ আর গরমের জন্য সমর্থকরা চেয়ারে না বসে আশপাশের গাছের ছায়ায় বা আড়ালে দাঁড়িয়ে ছিলেন। তবে রাজনৈতিক মহলের মতে, এই ছেঁদো যুক্তি আসলে মুখ রক্ষার চেষ্টা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলার সরকার এলাকার জন্য কী কী উন্নয়ন করেছে তা নিয়ে শাসকদলের নেতা-মন্ত্রীদের চ্যালেঞ্জ ছোঁড়েন। এমনকি, এসআইআর নিয়ে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় চলা অরাজকতা বন্ধ করা হবে।
ম্যাকেঞ্জিপার্কে সংক্ষিপ্ত সভা শেষে পরিবর্তন যাত্রা রঘুনাথগঞ্জ, মির্জাপুর হয়ে নবগ্রামের উদ্দেশে রওনা দেয়। তবে যাত্রার শুরুতেই লোকবলের এই দৈন্যদশা জেলায় বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে বড়সড় প্রশ্ন মুখে। রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ বলেন, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বাংলার সাধারণ মানুষকে যেভাবে হয়রান করছে তা মানুষ বুঝে গিয়েছে। পরিবর্তন যাত্রা করে কিছু হবে না। এরপর কেন্দ্রের বিজেপি সরকারের পরিবর্তন হবে এদিনের যাত্রা তাই প্রমাণ করে দিয়েছে। রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্কে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সভায় দর্শকাসান ফাঁকা। নিজস্ব চিত্র