এবার জাল ডিসিআর কাণ্ডে জেরা! আজ দুপুরেই সিউড়ি থানায় হাজিরার নির্দেশ টুলু মণ্ডলকে
  • ২১ নভেম্বর, ২০২৬ ১০:৪৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শুক্রবার কলকাতার ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন টুলু মন্ডল। তার রেশ কাটতে না কাটতেই আজ, শনিবার ফের তদন্তকারীদের প্রশ্নবাণের মুখে পড়তে চলেছেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সূত্রের খবর, জাল ডিসিআর কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন মামলার তদন্তকারী আধিকারিকরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আজ দুপুর ১২টার মধ্যে সিউড়ি থানায় তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মঙ্গলবারই দেশে ফিরেছেন জাল ডিসিআর কাণ্ডের মূল অভিযুক্ত টুলু। দেশে ফিরেই তদন্তে সবরকম সহযোগিতার বার্তা দিয়েছিলেন তিনি। সেই মতো শুক্রবার পাঁচ কোটি টাকা উদ্ধারের একটি পুরোনো মামলায় ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হন। দীর্ঘ কয়েক ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। একই দিনে সিউড়ি ও পাঁচামিতে তাঁর পেট্রোল পাম্প এবং ক্রাশার অফিসে ম্যারাথন তল্লাশিও চালান তদন্তকারীরা। এবার মূল মামলার জট খুলতে কোমর বেঁধে নেমেছে পুলিশ। বীরভূমের পাথর বলয়ে জাল ডিসিআর ব্যবহার করে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে টুলুর বিরুদ্ধে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কোন কোন প্রভাবশালী জড়িত, আজ সিউড়ি থানায় টুলুকে জেরা করে সেই তথ্যই জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। ফলে আজকের এই জিজ্ঞাসাবাদের দিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহল।